খুলনায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল ১১ বছরের শিশু

বাল্যবিয়ে
প্রতীকী ছবি

খুলনার পাইকগাছা উপজেলায় ১১ বছরের মেয়েশিশুকে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন পরিবারের সদস্যরা। রোববার আইনজীবীর সহায়তায় নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের একটি সনদ (বিবাহের ঘোষণাপত্র) তৈরি করার চেষ্টা করে পরিবারটি। এ সময় উপজেলা প্রশাসনের হাতে ধরা পড়েন বর-কনে, আইনজীবী ও দুই পক্ষের পরিবারের সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ দুপুরে দুই পরিবারের সদস্যদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন। সন্ধ্যার পর ছেলে ও মেয়েপক্ষকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম।

জানতে চাইলে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, আগ থেকেই খবর ছিল, এক আইনজীবীর বাড়িতে ১১ বছরের এক শিশুকে বিয়ে দেওয়ার আয়োজন চলছে। ইউএনওর নির্দেশে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলে ও মেয়ের পরিবারের সদস্যদের নিয়ে নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ের সনদ তৈরির আয়োজন করা হচ্ছে। মেয়ের জন্মসনদসংক্রান্ত কাগজপত্র যাচাই করে দেখা যায়, তার বয়স মাত্র ১১ বছর। পরে তাঁদের সবাইকে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসা হয়। সন্ধ্যার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের জরিমানা করে তা আদায় করেন ইউএনও। এরপর মুচলেকা নিয়ে তাঁদের ছেড়ে দেন।