পাবনায় পুলিশের ভাড়া করা অটোরিকশায় ট্রলির ধাক্কা, নিহত ১

শাহেদ মাহমুদ
ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলায় পুলিশের ভাড়া করা একটি সিএনজিচালিত অটোরিকশায় খড়িবোঝাই ট্রলির ধাক্কায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে জেলা সদরের শাহারদিয়া এলাকায় পাবনা-পাকশী সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিহত অটোরিকশাচালকের নাম শাহেদ মাহমুদ (২৫)। তিনি জেলা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লার খোকন মাহমুদের ছেলে। এ ঘটনায় ট্রলিটি জব্দের পাশাপাশি চালক ইমামুল হক ও সহযোগী স্বপন হোসেনকে আটক করেছে পুলিশ।

আহত পুলিশ সদস্যরা হলেন জেলা সদরের হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিন উদ্দিন, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও রাসেল হোসেন। তাঁদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দিবাগত রাত একটার দিকে হেমায়েতপুর ফাঁড়ির পুলিশ সদস্যরা একটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়া করে টহল দিতে বের হন। অটোরিকশাটি পাবনা-পাকশী সড়ক ধরে যাওয়ার সময় শাহারদিয়া এলাকায় একটি শ্যালো ইঞ্জিনচালিত ট্রলি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক শাহেদ মাহমুদ নিহত হন এবং অটোরিকশায় থাকা তিন পুলিশ সদস্য আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে কনস্টেবল জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে বলেন, রাতে টহলের জন্য হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের কোনো গাড়ি বরাদ্দ নেই। প্রতি রাতে অটোরিকশা ভাড়া নিয়ে তাঁদের টহলে বের হতে হয়। ঘটনার রাতেও তাঁরা টহলে বের হয়েছিলেন।

মাসুদ আলম আরও বলেন, ঘটনার পর নিহত অটোরিকশাচালকের পরিবারের সঙ্গে কথা হয়েছে। দাফন-কাফনের জন্য তাৎক্ষণিকভাবে তাঁর স্বজনদের অর্থসহায়তা দেওয়া হয়েছে। জেলা পুলিশ নিহত ব্যক্তির পরিবারকে সব ধরনের সহযোগিতা দেবে।