চাঁদপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে অটোরিকশাটি
ছবি: সংগৃহীত

চাঁদপুর সদর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর এক তরুণ। আজ বুধবার ভোরে সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া তিনজন হলেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপাদী এলাকার মো. হাবিব ব্যাপারী (২৬), চাঁদপুর সদর উপজেলার গোবিন্দীয়া এলাকার নেসার হাওলাদার (৪০) ও বিষ্ণুপুর এলাকার মাহবুব প্রধানীয়া (৫০)। আহত তরুণের নাম জাকির হোসেন (২২)।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ বলেন, ঘোষেরহাট এলাকায় মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক অতিক্রম করার সময় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বোগদাদ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার তিন যাত্রী মারা যান। খবর পেয়ে পুলিশ এসে লাশ তিনটি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা হেফাজতে নিয়েছে পুলিশ।