সাভারে গৃহবধূর লাশ উদ্ধার, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে স্বামী গ্রেপ্তার

লাশ
প্রতীকী ছবি

ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনি এলাকায় এক গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। গতকাল রাতে নিহত গৃহবধূর মা বাদী হয়ে ওই গৃহবধূর স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা করেছেন। এ মামলায় গতকাল রাতেই নিহত গৃহবধূর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত গৃহবধূর নাম সামিয়া রহমান (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার গোলড়া গ্রামের মিজানুর রহমানের মেয়ে। সামিয়ার স্বামী সাদমান সাকিব ওরফে হৃদয় (৩০) সাভারের ব্যাংক কলোনি এলাকার জাকারিয়া হোসেনের ছেলে। মামলার আসামিরা হলেন সামিয়ার স্বামী সাদমান সাকিব, শ্বশুর জাকারিয়া হোসেন ও শাশুড়ি জায়েদা পারভীন।

নিহত গৃহবধূর স্বজনদের ভাষ্য, পাঁচ বছর আগে সাদমান সাকিবের সঙ্গে সামিয়ার বিয়ে হয়। তাঁদের সংসারে দুই বছরের এক ছেলে রয়েছে। সামিয়া ব্যাংক কলোনি এলাকায় শ্বশুরের বাসায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার বেলা তিনটার দিকে সামিয়া তাঁর মা মাকসুদা বেগমকে মুঠোফোনে জানান, বিয়ের সময় সামিয়ার বাবার বাড়ি থেকে দেওয়া সোনা তাঁর শাশুড়ির কাছ থেকে নিতে চাইলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে বিকেলে সামিয়ার শ্বশুরবাড়ি থেকে কল করে জানানো হয়, সামিয়া আত্মহত্যা করেছেন।

সামিয়ার মামা আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিকেলে সাদমান আমাদের জানায়, সামিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আমাদের বিশ্বাস, সামিয়া আত্মহত্যা করেনি। তার গলায় ওড়না পেঁচিয়ে স্বামী, শ্বশুর-শাশুড়ি মিলে তাঁকে হত্যা করেছে। তারা হাসপাতালে সামিয়াকে মৃত অবস্থায় নিয়ে গিয়েছিল। বিয়ের সময় আমাদের দেওয়া ২০ থেকে ২৫ ভরি স্বর্ণ সামিয়ার শাশুড়ি নিজের কাছে রেখে দেয়। সামিয়া সেগুলো নিজের কাছে রাখতে চাওয়ায় এর আগে একাধিকবার বাগ্‌বিতণ্ডা হয়েছে। পরিবারের সম্মানের কথা ভেবে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে বলেছিলাম। এখন তো মেয়েটিকে ওরা মেরেই ফেলল।’

পুলিশ জানায়, গতকাল বিকেলে সামিয়ার শ্বশুরবাড়ির লোকজন সামিয়াকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে এবং তাঁর স্বামীকে আটক করে থানায় নিয়ে আসে।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, নিহত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন দাবি করছেন, সামিয়া আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সামিয়ার স্বামী সাদমানকে প্রথমে আটক করা হয়েছিল। পরে তাঁর মা মাকসুদা বেগম বাদী হয়ে মামলা করলে ওই মামলায় সাদমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনার তদন্ত সাপেক্ষে মামলার অন্য আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিহত নারীর লাশ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।