যশোর শহরে পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার ঝোলানো হয়। পরে সেই ব্যানার নামিয়ে ফেলে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গাড়িখানা সড়কে
যশোর শহরে পরিত্যক্ত আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার ঝোলানো হয়। পরে সেই ব্যানার নামিয়ে ফেলে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় গাড়িখানা সড়কে

যশোরে পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানারে শেখ মুজিব ও হাসিনার ছবি

যশোর শহরে পরিত্যক্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার ঝোলানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটার পরে শহরের গাড়িখানা সড়কে দলীয় কার্যালয়ের ছাদের সামনের দেয়ালে ব্যানারটি ঝুলতে দেখা যায়।

তবে কে বা কারা, কখন ব্যানারটি টাঙিয়েছেন, সেটা কেউ বলতে পারেননি। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয়। পরে রাত সাড়ে আটটার দিকে কোতোয়ালি মডেল থানার পুলিশ সদস্যরা ব্যানারটি নামিয়ে দেন।

ভিডিওটিতে দেখা গেছে, জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের গাড়িখানা সড়কের সামনে অংশে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনাকে জড়িয়ে ধরা বাবা–মেয়ের একটি ছবিসংবলিত ব্যানার ঝুলছে। ব্যানারটির এক কোণে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ লেখা রয়েছে। দলীয় কার্যালয়ের সামনে অনেক পথচারী ব্যানারটির ভিডিও করছেন।

স্থানীয় দোকানিরা জানান, কে, কখন এটি লাগিয়েছেন তাঁরা সেটা জানেন না। তিনতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা আওয়ামী লীগের কার্যালয়। জুলাই গণ–অভ্যুত্থানে বিজয়ের দিন ৫ আগস্ট বিকেলে ছাত্র–জনতা আগুন ধরিয়ে দেয় কার্যালয়ে। সেই থেকে পরিত্যক্ত রয়েছে ভবনটি। পরে ভবন কর্তৃপক্ষ কার্যালয়ের প্রবেশপথটি ইট দিয়ে গেঁথে দেয়। এখন সেখানে আর প্রবেশের কোনো জায়গা নেই।

কয়েকজন দোকানি বলেন, পেছনের ভবনের কার্নিশ দিয়ে কেউ ছাদে উঠে ব্যানারটি টাঙিয়েছেন। ভিডিও ছড়িয়ে পড়লে এবং স্থানীয় লোকজনের কাছ থেকে শুনে কোতোয়ালি মডেল থানা ও কসবা পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা গিয়ে ব্যানারটি নামিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম ও কসবা পুলিশ ফাঁড়ির এসআই অহিদুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা ব্যানারটি অপসারণ করেছি। ব্যানারটি কসবা ফাঁড়িতে রাখা হয়েছে।’