পঞ্চম শ্রেণির পরীক্ষা চলছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ষষ্ঠ শ্রেণির ভর্তি। ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তিপ্রক্রিয়া শেষ হবে।
পঞ্চগড় ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে গতকাল রোববার ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য প্রত্যয়নপত্র নিতে এসেছেন জান্নাতুল ফেরদৌস নামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর অভিভাবক। ওই ছাত্রীর তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন পরীক্ষা শেষ না হওয়ায় সে পরীক্ষায় অংশ নিয়েছে মর্মে একটি প্রত্যয়নপত্র দেন প্রধান শিক্ষক। লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণির তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন পরীক্ষা শেষ হওয়ার আগেই জান্নাতুলের মতো এভাবেই প্রত্যয়ন দিতে হচ্ছে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, একদিকে পরীক্ষা, অন্যদিকে ভর্তির কার্যক্রম, সব কিছু মিলে বেশ বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বয়হীনতার কারণেই এ অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণিতে গতকাল সকালে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। এ ছাড়া অপেক্ষমাণ তালিকার ক্ষেত্রে ২২ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে। এবার সরকারি (সব) ও বেসরকারি (মহানগরী ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনপ্রক্রিয়া ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল থেকে দুপুর পর্যগন্ত পঞ্চগড় জেলা শহরের ডোকরোপাড়া, পঞ্চগড় ১ মডেল ও পঞ্চগড় ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিকের মূল্যায়নের পরীক্ষা চলছে। অন্য শিক্ষার্থীদের সঙ্গে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরাও সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ধর্ম ও নৈতিক শিক্ষা এবং বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত চারু ও কারুকলা, সংগীত ও শারীরিক শিক্ষা পরীক্ষা দেয়। এরই মধ্যে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কয়েকজন অভিভাবক এসে প্রধান শিক্ষকদের কাছে প্রত্যয়নপত্র নিচ্ছেন।
স্থানীয় কয়েকজন অভিভাবক বলেন, পরীক্ষার রুটিন অনুযায়ী আজ সোমবার পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে ২১ ডিসেম্বরের মধ্যে পঞ্চগড়ের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে পরীক্ষার ফলাফল প্রকাশ করতে হবে।
গতকাল দুপুরে পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ ও পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, লটারির মাধ্যমে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা তাদের অভিভাবকের সঙ্গে ভর্তি হতে এসেছে। ভর্তির কাগজপত্রের সঙ্গে প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে দেওয়া বেশির ভাগ প্রত্যয়নপত্রে সে ওই বিদ্যালয়ের তৃতীয় প্রান্তিকের মূল্যায়ন পরীক্ষায় অংশ নিচ্ছে বলে লেখা রয়েছে। এবার পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ে প্রভাতী ও দিবা শাখায় ১২০ করে মোট ২৪০ শিক্ষার্থী ভর্তি হতে পারবে। একইভাবে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়েও ২৪০ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
তবে বেসরকারি বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা আগেই শেষ হয়ে যাওয়ায় সেসব বিদ্যালয় থেকে সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা ভর্তি শুরুর প্রথম দিনে ভর্তি হতে এসেছে বলে জানা গেছে।
পঞ্চগড় সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এক ছাত্রীর অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ছেলেমেয়েদের পরীক্ষা শেষ না হতেই এদিকে ভর্তি শুরু হয়েছে। এ জন্য তাদের পঞ্চম শ্রেণির পরীক্ষার আগ্রহ কমে গেছে। ওদের পরীক্ষার রেজাল্ট না হতেই ভর্তি হতে হচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির পর কোনো শিক্ষার্থী যদি পঞ্চম শ্রেণির পরীক্ষার ফল খারাপ করে, তখন কী হবে?’
ডোকরোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবীর কুমার সেন বলেন, ‘আমাদের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষা শেষ না হতেই যারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে, তাদের ভর্তি শুরু হওয়ায় আমরা বিপাকে পড়েছি। তাদের ফলাফল প্রকাশিত না হতেই প্রত্যয়ন দিতে হচ্ছে। এর জন্য পরীক্ষা নেওয়ার পাশাপাশি আমাদের একই সঙ্গে ফলাফলের প্রস্তুতিও নিতে হচ্ছে।’
পঞ্চগড় ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে শাহিনা বলেন, ‘আমরা শুধু শিক্ষার্থীরা যে পরীক্ষায় অংশ নিচ্ছে, সে অনুযায়ী প্রত্যয়নপত্র দিচ্ছি। এদিকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের ৩০ তারিখে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে গেলে তারা তো সেই বৃত্তি পরীক্ষার আগ্রহ হারিয়ে ফেলবে।’
পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ‘ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে, এমন প্রত্যয়নই আমরা নিচ্ছি। আমাদের মন্ত্রণালয়ের নির্দেশনা যে ১৮ তারিখেই ভর্তি শুরু করতে হবে। এ জন্য আমরা ভর্তি নিচ্ছি। প্রাথমিক বিদ্যালয়গুলো কবে তাদের পরীক্ষা নেবে না নেবে, সে বিষয়ে আমাদের করার কিছু নেই।’
এ বিষয়ে পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল ইসলাম বলেন, পরীক্ষা শেষ হওয়ার পর মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ভর্তিপ্রক্রিয়া শুরু হলে সবচেয়ে ভালো হতো। এদিকে অভিভাবকেরা বিদ্যালয়গুলোতে গিয়ে সমানে পঞ্চম শ্রেণি পাসের প্রত্যয়ন চাইছেন। তবে আগে থেকে যদি এ বিষয়ের সমন্বয় হতো, তাহলে অনেক ভালো হতো।
পঞ্চগড় জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহীন আকতার বলেন, ‘ষষ্ঠ শ্রেণিতে শিক্ষার্থীদের শর্ত সাপেক্ষে ভর্তি করানো হচ্ছে। এতে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে মর্মে একটি করে প্রত্যয়নপত্র জমা দিলেই হবে। এটাতে অভিভাবকদের ঘাবড়ানোর কিছুই নেই। ভর্তি কার্যক্রম মাউশির নির্দেশনা অনুযায়ী যাচাই-বছাই করা হবে। এমনকি ভর্তির পরও কোনো শিক্ষার্থী যদি অকৃতকার্য হয়, তাহলে তার ভর্তি বাতিল হয়ে যাবে।