সাভারে হামলায় আহত পরিবহন ব্যবসায়ীর মৃত্যু

লাশ
প্রতীকী ছবি

ঢাকার সাভার উপজেলার হেমায়েতপুরে সন্ত্রাসী হামলায় আহত পরিবহন ব্যবসায়ী মো. সাহাবুদ্দিনের (৪০) মৃত্যু হয়েছে। সাভারের বেসরকারি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে তিনি মারা যান। গত শনিবার সন্ধ্যায় হেমায়েতপুর পিকআপস্ট্যান্ডের সামনের সড়কে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে মারাত্মকভাবে জখম করেছিল।

পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে ব্যবসাসংক্রান্ত বিষয় নিয়ে স্থানীয় রকিবুল ইসলাম (২৮), তাঁর বাবা কিয়াম উদ্দিন (৬০), স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ (৩০) ও জাহাঙ্গীর হোসেনের (৩৫) সঙ্গে মো. সাহাবুদ্দিনের বিরোধ চলছিল। বিরোধের জেরে সাহাবুদ্দিনের ওপর হামলা হয়েছে।

মারা যাওয়া সাহাবুদ্দিনের ছেলে মো. সুজন প্রথম আলোকে বলেন, ‘আমরা সন্ত্রাসীদের বিচার চাই। তারা নির্মমভাবে আমার বাবাকে কুপিয়ে মেরে ফেলেছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।’

মামলার এজাহার ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় হেমায়েতপুর পিকআপস্ট্যান্ডের সামনের সড়কে সাহাবুদ্দিনের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। ধারালো অস্ত্রের আঘাতে তাঁর মাথায় ও হাতে মারাত্মক জখম হয়। সাহাবুদ্দিনকে বাঁচাতে এগিয়ে আসা স্থানীয় মোসলেম উদ্দিন মুসা ও মো. শাহিনের ওপরও হামলার ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। মোসলেম ও শাহিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার ভোরে মারা যান সাহাবুদ্দিন।

ঘটনার দিন রাতেই সাহাবুদ্দিনের স্ত্রী পিয়ার মন সাভার মডেল থানায় অভিযুক্ত রকিবুল ইসলাম, তাঁর বাবা কিয়াম উদ্দিন, স্থানীয় বাসিন্দা শহিদুল্লাহ ও জাহাঙ্গীর হোসেনের নামে মামলা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, সাহাবুদ্দিনের ওপর হামলার ঘটনায় ওই দিন রাতেই তাঁর স্ত্রী মামলা করেছেন। মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।