
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এক বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক বিক্রেতার বিরুদ্ধে। স্থানীয় লোকজনের তোপের মুখে পরে মাংস ফেলে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। আজ মঙ্গলবার সকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচর বাজারে এ ঘটনা ঘটে।
পরে চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিয়াউল ইসলামের উপস্থিতিতে এসব মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।
গ্রাম পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাংস বিক্রেতা তারা মিয়ার বাড়িতে একটি রোগাক্রান্ত গরু ছিল। গত সোমবার রাতে সেটি মারা যায়। অভিযোগ উঠেছে, মৃত গরুটিই জবাই করেন তিনি। বিষয়টি কয়েকজন প্রতিবেশীর নজরে আসে। এর মধ্যে আজ মঙ্গলবার সকালে সেই গরুর মাংস মৌলভীরচর বাজারে বিক্রির জন্য নিয়ে যান তারা মিয়া। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
খবর পেয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে যান। ওই সময় মাংস ও জবাইয়ের সরঞ্জাম রেখে পালিয়ে যান তারা মিয়া।
বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান জিয়াউল ইসলাম বলেন, ‘আমি ও কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গেলে কসাই তারা মিয়া মাংস ও যন্ত্রপাতি ফেলে রেখে পালিয়ে যায়। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে।’