দুর্ঘটনাকবলিত বাসে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বেলা একটার দিকে
দুর্ঘটনাকবলিত বাসে উদ্ধার তৎপরতা চালান ফায়ার সার্ভিসের সদস্যরা। আজ বেলা একটার দিকে

ফরিদপুরে দ্রুতগতিতে ঘোরার সময় নিয়ন্ত্রণ হারায় যাত্রীবাহী বাস, উল্টে ২ যাত্রী নিহত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১১ জন। আজ বুধবার বেলা একটার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল পেট্রলপাম্পের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, তাৎক্ষণিকভাবে নিহত দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স আনুমানিক ২৮ থেকে ৩৫ বছর। তাঁদের পরিচয় শনাক্তকরণে কাজ করছে পুলিশ। অন্যদিকে আহত ব্যক্তিদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে নড়াইলগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের যাত্রীবাহী বাসটি যাত্রী নিয়ে যাচ্ছিল। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রলপাম্পে ঢোকার মুখে উল্টে যায়।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সেন্টু হাওলাদার বলেন, বাসটি দ্রুতগতিতে চলছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাম্পে ঢোকার আগে মহাসড়ক থেকে বাঁ দিকে দ্রুত ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, নিহত ব্যক্তিদের কাছে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। তাঁদের পরিচয় শনাক্তকরণে কাজ চলছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।