রাঙামাটির বরকলে নিজ বাড়ি থেকে আয়েশা বেগম (৪৮) নামের এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সুবলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরুণাছড়ি ইসলামপুর এলাকা থেকে লাশটি উদ্ধার হয়। আয়েশা ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।
আয়েশা বেগমের ছেলে আশরাফ আলী জানান, গতকাল সকালে তিনি ও তাঁর বাবা গাছ চেরাই করতে এলাকার একটি করাতকলে গিয়েছিলেন। ঘরে একাই ছিলেন তাঁর মা। সন্ধ্যায় তিনি ও তাঁর বাবা ঘরে ফেরেন। ঘরের বাতি জ্বালাতেই দেখেন, তাঁর মায়ের লাশ মেঝেতে পড়ে রয়েছে। ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করায় মায়ের মাথা রক্তাক্ত হয়ে আছে। আশরাফ বলেন, তাঁর মায়ের রক্তাক্ত লাশের পাশে ইট, হাতুড়িও পড়ে থাকতে দেখা যায়। ঘরের আলমারিও ছিল ভাঙা। আলমারির ভেতরে রাখা গরু বিক্রির তিন লাখ টাকাও খুঁজে পাওয়া যায়নি।
সুবলং ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সারা দিন ওই নারী বাড়িতে একা ছিলেন। স্বামী ও ছেলে সন্ধ্যার পর ঘরে ফিরে ওই নারীর লাশ দেখতে পান। এরপর পুলিশকে বিষয়টি জানানো হয়।’
বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করছে। নিহত নারীর মাথা ও কপালে ভারী কোনো বস্তুর আঘাত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।