
১০ বছর পর দিনাজপুর সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনের পর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সদর উপজেলায় সভাপতি পদে পুনরায় মনোনীত হয়েছেন ইমদাদ সরকার। তিনি বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে আছেন।
সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শেখপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোমিনুল ইসলাম। তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
পৌর আওয়ামী লীগের সভাপতি মনোনীত হয়েছেন আইনজীবী এস এম শামীম আলম সরকার ও সাধারণ সম্পাদক এনামুল্লাহ জেমী। তাঁরা আগের কমিটিতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
গতকাল বুধবার সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন উপলক্ষে দিনভর নেতা–কর্মীদের মাঝে ছিল উৎসাহ-উদ্দীপনা। সকালে শহরের ইনস্টিটিউটে কেন্দ্রীয় নেতা–কর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শাহজাহান খান, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা, সফুরা বেগম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী প্রমুখ।
প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। সেখানে প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই শেষে রাত ১১টায় কেন্দ্রীয় নেতারা সমঝোতার ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করেন সাখাওয়াত হোসেন।
সদর উপজেলা কমিটিতে সহসভাপতি পদ পেয়েছেন রেজাউল করিম। পৌর শাখার কমিটির সহসভাপতি হয়েছেন জহির খান, অনুপ কুমার দে, সৈয়দ সোহেল হোসেন, দবিরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক পদ পেয়েছেন মাসুদ রানা ও হাসিনা আক্তার। উভয় ইউনিটের নতুন সভাপতি-সাধারণ সম্পাদকে এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠন করে জেলা আওয়ামী লীগ ও কেন্দ্রীয় কমিটির প্রতিনিধিদের কাছে জমা দিতে বলা হয়েছে।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী বলেন, আওয়ামী লীগ একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। এখানে সবার ঐক্য অনেক মজবুত। তারপরও আগামী জাতীয় নির্বাচন ও কেন্দ্রীয় কমিটির সম্মেলনকে সামনে রেখে সব ইউনিটের সম্মেলন করা হচ্ছে। ইতিমধ্যে ১৪টি ইউনিটের মধ্যে ১২টিতে সম্মেলন হয়েছে। অবশিষ্ট আছে বিরামপুর ও নবাবগঞ্জের সম্মেলন। এ দুই ইউনিটেও স্বল্প সময়ের মধ্যে সম্মেলন হবে। তারপর হয়তো জেলা কমিটির সম্মেলনের তারিখ ঘোষণা করবে কেন্দ্রীয় কমিটি।