দিনাজপুরের হাকিমপুরে সাপ্তাহিক ছুটির দিনে গল্প করার জন্য নিজ কার্যালয়ে ডেকে নিয়ে এক নারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে। গতকাল শুক্রবার সকালের দিকে এ ঘটনার শিকার হন বলে দাবি ওই নারীর। পরে তিনি মামলা করলে রাত আটটার দিকে হাকিমপুর পৌর শহরের হিলি বাসস্ট্যান্ড এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ভুক্তভোগী নারী হাকিমপুর উপজেলার বাসিন্দা। তিনি দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারি। গতকাল শুক্রবার রাতে তিনি হাকিমপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে উপজেলা প্রাণিসম্পদের ওই কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন থানা সূত্র।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে ওই নারীর পূর্বপরিচয় ছিল। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীকে মুঠোফোনে কল কল করে গল্প করার জন্য তাঁর নিজ কার্যালয়ে ডেকে নেন ওই কর্মকর্তা। সেখানে গেলে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন প্রাণিসম্পদ কর্মকর্তা। গল্পের এক পর্যায়ে তিনি ওই নারীকে ধর্ষণ করেন।
ওই কর্মকর্তার বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারির ঘটনা ঘটেছিল বলে একাধিক সূত্রে জানা যায়।
এ বিষয়ে হাকিমপুর থানার উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, গতকাল রাতে এক নারীকে ধর্ষণের মামলায় আসামি হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। আসামিকে আজ শনিবার দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।