রাজশাহীর পানের এত সুনাম, অথচ রোগ হলে নেই সারানোর উপায়

রাজশাহীর ৭০ শতাংশ পানের বরজে কাণ্ডপচা রোগ দেখা দিয়েছে। কিন্তু পানের রোগ প্রতিরোধে গবেষণাকেন্দ্র না থাকায় বিশেষজ্ঞের পরামর্শ পাচ্ছেন না দিশেহারা চাষিরা।

রাজশাহীর আমের সুখ্যাতি দেশে-বিদেশে। প্রচলিত ধারণামতে, রাজশাহীর আমের বাজার বিরাট মনে হলেও আমের চেয়ে পানের বাজার তিন গুণ বড়। রাজশাহীতে বছরে পান থেকে আড়াই হাজার কোটি টাকা আয় হয়। যদিও আমের ছয় ভাগের এক ভাগ জমিতে পান চাষ হয়। আমের রোগ প্রতিরোধ নিয়ে রাজশাহীতে ফল গবেষণাকেন্দ্র আছে। কিন্তু পানের রোগ প্রতিরোধে রাজশাহীসহ সারা দেশের কোথাও কোনো গবেষণাকেন্দ্র নেই।

বর্ষা ও খরতাপের সময় পানের কাণ্ডপচা রোগ হয়। সংক্রমণের কয়েক দিনের মধ্যে পানের বরজ নষ্ট হয়ে যায়। রাজশাহীর ৭০ শতাংশ পানের বরজে কাণ্ডপচা রোগ দেখা দিয়েছে। কিন্তু পানের রোগ প্রতিরোধে গবেষণাকেন্দ্র না থাকায় বিশেষজ্ঞের পরামর্শ পাচ্ছেন না দিশেহারা চাষিরা। বিভিন্ন ওষুধ কোম্পানির পরিবেশকদের পরামর্শে শুধু ছত্রাকনাশক ছিটাচ্ছেন। এভাবে কেউ বরজ বাঁচাতে পারছেন, কেউ আবার নিঃস্ব হয়ে যাচ্ছেন। এমন অবস্থায় রাজশাহীর মোহনপুরে একটি পান গবেষণাকেন্দ্র করার দাবি উঠেছে।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজদার হোসেন প্রথম আলোকে বলেন, দেশে পান গবেষণার কোনো ব্যবস্থা নেই। রাজশাহীর পান সুস্বাদু। বিদেশেও যায়। এ সম্ভাবনার কথা মাথায় রেখে একটি পান গবেষণাকেন্দ্র করার প্রস্তাব করা হয়েছে। ইতিমধ্যে মন্ত্রণালয় থেকে একটি দল মোহনপুরের মৌগাছি এলাকাকে পছন্দ করে গেছে। কিন্তু এখনো জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু হয়নি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, রাজশাহীর মোহনপুর, পবা, দুর্গাপুর, বাগমারা, চারঘাট ও পুঠিয়া উপজেলার সাড়ে তিন হাজার হেক্টর জমিতে পান চাষ করা হয়। এর মধ্যে মোহনপুরেই সবচেয়ে বেশি পান চাষ হয়। দেশে-বিদেশে রাজশাহীর পানের সুখ্যাতি আছে। পৃথিবীর যেসব দেশে বাংলাদেশি ও ভারতীয় আছেন, সেখানে পান রপ্তানি হয়। মাত্র ১০ কাঠা জমি থাকলেই একজন ছোট চাষি পান চাষ করে সংসার চালিয়ে নিতে পারেন। যাঁর জমি নেই, তিনি জমি ইজারা নিয়ে চাষাবাদ করেন।

চারদিক ঘেরা চালার মধ্যে পান চাষ করা হয়। একে বরজ বলে। খড়ের হালকা চালার ভেতর দিয়ে রোদ-বৃষ্টি সবই যায়। গাছ লতিয়ে উঠতে ভেতরে সারি সারি কাঠি পুঁততে হয়। এক বিঘা জমিতে পান চাষ করতে খরচ পড়ে প্রায় দুই লাখ টাকা। বছরে আয় হয় চার থেকে পাঁচ লাখ টাকা। একবার রোপণের পর শুধু নতুন করে কাঠিতে গাছ বাঁধতে হয়। সাধারণত কার্তিক মাসে লাগালে চৈত্র মাস পর্যন্ত পান আহরণ করা যায়। বৈশাখ মাসে পুরোনো গাছ নতুন করে বাঁধতে হয়। চলে আষাঢ় মাস পর্যন্ত।

৬৪টি পানপাতায় এক বিড়ি। আর ৩২ বিড়িতে এক ‘পোন’। এবার চাষিরা সর্বোচ্চ ৪ হাজার থেকে ৪ হাজার ৮০০ টাকা পোন দরে পান বিক্রি করেছেন। এখন ভালো পান সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত পোন বিক্রি হচ্ছে। সর্বনিম্ন এক হাজার টাকা। দাম নিয়ে খুশি চাষিরা। কিন্তু পানের কাণ্ডপচা রোগ নিয়ে চাষিরা খুবই দুশ্চিন্তায় আছেন। শুক্রবার সারা দিন জেলার মোহনপুরে ঘুরে চাষিদের সঙ্গে কথা বলে তাঁদের হাহাকারের কথা উঠে এসেছে।

মোহনপুরের করিশা গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মনসুর রহমান বলেন, বরজে পান থাকা আর ব্যাংকে টাকা থাকা একই কথা। তাঁরা পান নিয়ে হাটে যান। নগদ টাকা নিয়ে বাড়িতে ফেরেন। পানই তাঁদের ভরসা। এ ভরসার পান নিয়ে এখন নিরাশা তৈরি হয়েছে। উপজেলার প্রায় ৭০ শতাংশ বরজে কাণ্ডপচা রোগ দেখা দিয়েছে।

করিশা গ্রামের মাহামুদুল হাসান এক বিঘা জমিতে পান চাষ করেছেন। ১১ আগস্ট জমিতে নিড়ানি দেওয়ার পর তিনি দু-একটি গাছের কাণ্ডপচা দেখতে পান। তিনি বলেন, বাজারে গিয়ে ছত্রাকনাশক এনে দেওয়ার পর রোগ আরও বেশি হয়েছে। তড়িঘড়ি করে বরজের মাটি চেঁচে দিয়েছেন। এরপর একটু কমেছে।

গ্রামের একটি আমবাগানে পান বাছাই করছিলেন কয়েকজন। সেখানে অনেক চাষি জড়ো হয়েছেন। তাঁদেরই একজন সুফিয়া খাতুন, আট শতাংশ জমি ইজারা নিয়ে পান চাষ করেছিলেন। কিন্তু কাণ্ডপচা রোগে তাঁর বরজ নষ্ট হয়ে গেছে। বরজে গিয়ে দেখা গেল, শুধু মরা পানপাতা কাঠিতে ঝুলছে। মাঝে দু-একটা তাজা পাতা। সুফিয়া বলেন, জমির ইজারার টাকার জন্য এখন ছেলেকে নিয়ে অন্যের মাঠে কাজ করছেন।

জাহানাবাদ গ্রামের আবদুর রাজ্জাকের বরজে গিয়ে দেখা গেল, বেশির ভাগ কাঠিই খালি। গাছ মারা গেছে। কার্তিক মাসে নতুন করে গাছ লাগানোর কথা ভাবছেন তিনি। বললেন, এক বিঘার বরজে মাত্র ১৫-১৬ হাজার টাকার পান বিক্রি করতে পেরেছেন। দেখালেন, তাঁর ভাই আকবরের বরজের অবস্থা আরও শোচনীয়। পাশেই আবদুস সালামের বরজের কাঠিও ভেঙে পড়েছে। উপজেলার সইপাড়া, সেন্দুরীম বাকশিমইল, কেশরহাট গ্রামের আরও কয়েকটি পান বরজে গিয়ে একই চিত্র দেখা গেল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শহিদুল আলম পানের কাণ্ডপচা রোগ নিয়ে দীর্ঘদিন গবেষণা করেছেন। তাঁর দাবি, কোনো ছত্রাকনাশক ব্যবহার না করেই পানের কাণ্ডপচা রোগ ৮০ শতাংশ নিরাময় করা সম্ভব। এ নিয়ে এলাকার কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণও দিয়েছেন তিনি। তবে এটি একটি চলমান প্রক্রিয়া বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, নব্বইয়ের দশকে রাজশাহীর মোহনপুরে একটি পান গবেষণাকেন্দ্র করার দাবি উঠেছিল। এখনো সেটি হয়নি। এটি দ্রুত হওয়া জরুরি।