
বাঁশের খুঁটির সঙ্গে দড়ি দিয়ে দুই হাত বেঁধে রাখা হয়েছে এক নারীর। এরপর তাঁকে ঘিরে ধরে ভিডিও ধারণ করছেন কয়েকজন। এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রোববার বিকেলে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গুনাগরী এলাকায়। চুরির অভিযোগ তুলে গতকাল ওই নারীকে খুঁটিতে বেঁধে নাজেহাল করেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গুনাগরী মা ও শিশু হাসপাতালের সামনের একটি দোকানে চুরির অভিযোগে ওই নারীকে আটক করা হয়। এরপর খুঁটিতে বেঁধে তাঁকে জেরা করেন কয়েকজন। এ সময় আশপাশের অনেক মানুষ সেখানে জড়ো হয়ে ঘটনার ভিডিও ধারণ করেন। আধা ঘণ্টা বেঁধে রাখার পর ওই নারীকে ছেড়ে দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগ, এর আগেও ওই নারীর বিরুদ্ধে স্থানীয় দোকানে চুরির অভিযোগ ছিল।
এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এর সমালোচনায় মেতে ওঠেন অনেকেই। চুরির অভিযোগ থাকলে তাঁকে থানায় সোপর্দ না করে এভাবে হেনস্তার নিন্দা জানান তাঁরা।
ঘটনাস্থলের সামান্য দূরে অবস্থিত বাঁশখালী থানার রামদাশহাট পুলিশ তদন্তকেন্দ্র। জানতে চাইলে এই তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক তপন কুমার বাগচী প্রথম আলোকে বলেন, ‘চুরির অপবাদ দিয়ে ভিডিও ধারণের এ অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’