ফিলোডেনড্রন ও অ্যাগ্লোনিমাগাছ হাতে উদ্যোক্তা গোলাম কিবরিয়া। গত শনিবার দুপুরে গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায়
ফিলোডেনড্রন ও অ্যাগ্লোনিমাগাছ হাতে উদ্যোক্তা গোলাম কিবরিয়া। গত শনিবার দুপুরে গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায়

কিবরিয়ার ‘গাছের হাসপাতাল’, চিকিৎসা দেন বিনা মূল্যে

গোলাম কিবরিয়ার কাছ থেকে চারা কেনার পর সেটি রোগাক্রান্ত বা দুর্বল হয়ে পড়লে ক্রেতারা তাঁর নার্সারিতে নিয়ে আসেন। অসুস্থ চারা নিজের কাছে রেখে দেন কিবরিয়া। সুস্থ না হওয়া পর্যন্ত পরিচর্যা করেন, কীটনাশক ও সার দেন। সুস্থ হলে ফোন করে ফিরিয়ে দেন মালিককে। শুধু তাঁর ক্রেতারাই নন, জেলার নানা প্রান্ত থেকে অনেকেই রোগাক্রান্ত গাছ নিয়ে আসেন তাঁর কাছে। কৃষকেরা আসেন ফসল পরিচর্যার পরামর্শ নিতে।

গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায় উদ্যোক্তা গোলাম কিবরিয়ার (৩৭) ‘ফারমার্স মার্কেট অ্যান্ড নার্সারি’কে স্থানীয় লোকজন ‘গাছের হাসপাতাল’ নামে চেনেন। সেখানে বিনা মূল্যে রোগাক্রান্ত চারা ও গাছের চিকিৎসা নেন ক্রেতা ও কৃষকেরা।

কিবরিয়ার নার্সারিতে প্রায় ৩০ হাজার গাছের চারা আছে। ইনডোর প্ল্যান্ট (ঘরে রাখা যায় এমন গাছ), ফুল, ফল, অর্কিড, ক্যাকটাস, সাকুলেন্ট, বনজ, ঔষধি ও জলজ চারাই বেশি। নার্সারি থেকে কিবরিয়ার মাসিক আয় প্রায় ৪০ হাজার টাকা।

গত শনিবার দুপুরে সেখানে গিয়ে দেখা যায়, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশে নার্সারি। শ্রমিকেরা চারার পরিচর্যা করছেন। পাশের ঘরেই চলছে আক্রান্ত গাছের চিকিৎসা। কখনো চারা বিক্রি, কখনো রোগাক্রান্ত গাছের পরিচর্যায় ব্যস্ত কিবরিয়া।

অ্যাডেনিয়ামগাছের আগাছা পরিষ্কার করছেন কিবরিয়া। গত শনিবার দুপুরে গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায়

চাকরি ছেড়ে নার্সারি

কিবরিয়ার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজি জামালপুর গ্রামে। সাত বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। স্ত্রী তানজিনা আফরিন গৃহিণী। তাঁদের দুই মেয়ে।

হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান) ও বিপণন ব্যবস্থাপনায় স্নাতকোত্তর শেষ করে ঢাকার বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিপ্লোমাও নেন কিবরিয়া। তিনি যোগ দেন একটি বহুজাতিক প্রতিষ্ঠানে। কাজ করেন ছয় বছর। কিন্তু নিয়মের গণ্ডিতে বাঁধা চাকরি আর হিসাব কষে সংসার চালানো তাঁর ভালো লাগেনি।

একজন বেকার যুবক চাকরির জন্য যে সময় ব্যয় করেন, সেই সময়ে একটি উদ্যোগ নিলে চাকরির চেয়ে অনেক বেশি লাভবান হতে পারবেন। আমি তার প্রমাণ।
—গোলাম কিবরিয়া, উদ্যোক্তা

চাকরি ছেড়ে ২০২০ সালে শাপলামিলে মাসিক ৫ হাজার টাকায় ২০ শতক জমি ভাড়া নিয়ে নার্সারি শুরু করেন কিবরিয়া। শুরুতে তাঁর নার্সারিতে চারা ছিল প্রায় ৩ হাজার, এখন প্রায় ৩০ হাজার। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা তাঁর কাছে গাছ কিনতে আসেন। তিনি জানান, তাঁর নার্সারিতে তিনজন শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তাঁরা দিনে ৭০০ টাকা হাজিরা হিসেবে কাজ করেন।

নার্সারির দরজার সামনে গাছ হাতে কিবরিয়া। গত শনিবার দুপুরে গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায়

কৃষি পাঠাগার ও চিকিৎসা

কিবরিয়া বলেন, অর্নামেন্টাল (শোভাবর্ধক) গাছই সাধারণত বেশি অসুস্থ হয়। জলবায়ু পরিবর্তনের কারণে মাঠের ফসলেও রোগবালাই বাড়ছে। ছত্রাক ও ব্যাকটেরিয়াজনিত রোগ এবং পোকার আক্রমণে আক্রান্ত সব ধরনের গাছের পরিচর্যায় পরামর্শ দেন তিনি।

নার্সারিতে ছোট একটি কৃষি পাঠাগার গড়ে তুলেছেন কিবরিয়া। সেখানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক বিভিন্ন বই রয়েছে। কৃষিসংক্রান্ত বই পড়েই গাছের চিকিৎসা দেন বলে জানান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কৃষকেরা হোয়াটসঅ্যাপে তাঁর কাছে গাছের সমস্যাবিষয়ক ছবি ও ভিডিও পাঠান। সেগুলো দেখে সমাধান দেওয়ারও চেষ্টা করেন।

গাইবান্ধা সদর উপজেলার চাপাদহ গ্রামের কৃষক শাহজাহান মিয়া (৫৫) প্রায়ই এখানে পরামর্শ নিতে আসেন। তিনি বলেন, ‘ধানগাছ ও রবিশস্যে রোগবালাই দেখা দিলে কিবরিয়া ভাইয়ের কাছে আসি। তাঁর পরামর্শে জমিতে কীটনাশক দিই।’

ছোট একটি পামগাছের পরিচর্যা চলছে। গত শনিবার দুপুরে গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায়

গাইবান্ধা শহরের শাহানা বেগম (৫০) এই নার্সারি থেকে ফিলোডেনড্রনের চারা কিনেছিলেন। কদিন পর গাছটি মরার উপক্রম হলে কিবরিয়ার কাছে সাত দিন পরিচর্যার পর গাছটি সুস্থ হয়ে ওঠে।

কিবরিয়ার নার্সারি থেকে অ্যাগ্লোনিমাগাছের চারা কিনেছিলেন ফুলছড়ি উপজেলার সমিতির বাজার গ্রামের কলেজশিক্ষক সাখাওয়াত হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, বাড়িতে নিয়ে যাওয়ার কয়েক সপ্তাহ পর চারাগাছে রোগ দেখা দেয়। কিবরিয়ার এখানে চিকিৎসার পর রোগবালাই দূর হয়েছে। একই গ্রামের ব্যবসায়ী শাহ আলমও তাঁর পথোস জাতের অসুস্থ চারা সেরে ওঠার কথা জানান।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আসাদুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নার্সারি করে কিবরিয়া স্বাবলম্বী হয়েছেন। তাঁকে পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

নার্সারিতে নানা জাতের গাছ। গত শনিবার দুপুরে গাইবান্ধা শহরের শাপলামিল এলাকায়

নার্সারির পাশাপাশি ফলের বাগান

২০২০ সালে কিবরিয়া নিজ গ্রাম আরাজি জামালপুরে পৈতৃক সাড়ে সাত বিঘা জমিতে ফলের বাগানও করেন। এর মধ্যে দেড় বিঘা জমিতে জৈব পদ্ধতিতে করেছেন ড্রাগন ফলের চাষ। ড্রাগন চাষে এ বছর তাঁর খরচ হয়েছে প্রায় চার লাখ টাকা। এখন পর্যন্ত সাড়ে চার লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন। এ ছাড়া পাঁচ বিঘা জমিতে মাল্টা ও এক বিঘায় কমলার চাষ করেছেন। এ বছর এক লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন তিনি। তবে কমলার এখনো ফল আসেনি। তাঁর হিসাবে, খরচ বাদে তিন ধরনের ফল বিক্রি করে তাঁর মাসিক আয় প্রায় ২৫ হাজার টাকা।

ভবিষ্যতে আরও বড় পরিসরে নার্সারি করার পরিকল্পনা আছে কিবরিয়ার। তিনি প্রথম আলোকে বলেন, ‘একজন বেকার যুবক চাকরির জন্য যে সময় ব্যয় করেন, সেই সময়ে একটি উদ্যোগ নিলে চাকরির চেয়ে অনেক বেশি লাভবান হতে পারবেন। আমি তার প্রমাণ।’