খাবার হোটেলে কাভার্ড ভ্যান, বাবা–ছেলেসহ নিহত ৫

বেগারীতলা বাজারে বেদনার সকাল

যশোরের মনিরামপুর উপজেলার বেগারীতলা এলাকায় আজ শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারানো কাভার্ড ভ্যান হোটেলে ঢুকে গেল প্রাণ হারান পাঁচজন
ছবি: প্রথম আলো

যশোরের মনিরামপুরের টুনিয়াঘরা গ্রামের মধ্যে বেগারীতলা বাজার। এই বাজারে আবু তালেব খাঁর টিনের চালার খাবারের হোটেল। এখানে নাশতা সেরে পাশের দোকানে চা খাচ্ছিলেন মীর শামসুর রহমান ও তৌহিদুর রহমান। তখন নাশতা খেতে ছেলে তাওহিদ হাবিবকে নিয়ে হোটেলে ঢুকছিলেন হাবিবুর রহমান। আর বিল দিতে ক্যাশ কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন জিয়ারুল ইসলাম। গতকাল শুক্রবার সকাল সাড়ে সাতটার চিত্র এটি। ঠিক এই সময় একটি কাভার্ড ভ্যান ঢুকে পড়ে খাবারের হোটেলে। মুহূর্তে প্রাণ যায় পাঁচজনের।

বেগারীতলা বাজারের ভেতর দিয়ে গেছে যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়ক। এই সড়ক ধরে কাভার্ড ভ্যানটি যশোর শহর থেকে মনিরামপুরের দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে। খাবারের হোটেলের মালিক আবু তালেব খাঁর বর্ণনা অনুযায়ী, হঠাৎ একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিকট শব্দে তাঁর হোটেলে ঢুকে পড়ে। তিনি ভয়ে হোটেলের পেছনের দিকে দৌড় দেন। প্রাণে বেঁচে যান তিনি।

দুর্ঘটনার পর গতকাল বেগারীতলা বাজারে গিয়ে দেখা যায়, কাভার্ড ভ্যানটির সামনের অংশ ভেঙে গেছে। হোটেলটি একেবারে তছনছ হয়ে গেছে।

দুর্ঘটনায় নিহত হাবিবুর রহমান (৫৫) উপজেলার টুনিয়াঘরা গ্রামের বাসিন্দা। তাঁর ছেলে তাওহিদ হাবিবের বয়স সাত বছর। টুনিয়াঘরা গ্রামের আরও দুজন মারা গেছেন এ দুর্ঘটনায়। তাঁরা হলেন মীর শামসুর রহমান (৬০) ও তৌহিদুর রহমান (৩৮)। নিহত আরেকজন জয়পুর গ্রামের জিয়ারুল ইসলাম (৩৫)। নিহত ব্যক্তিদের মধ্যে হাবিবুর রহমান কৃষক। তৌহিদুর রহমান ও জিয়ারুল ইসলাম দিনমজুর। আর শামসুর রহমান টিউশনি করে জীবিকা নির্বাহ করতেন।

গতকাল দুপুরে টুনিয়াঘরা গ্রামে শামসুর রহমানের বাড়ি গিয়ে দেখা যায়, টিনের বেড়ার এক কক্ষের ছোট একটি বাড়ি। কক্ষের খাটের ওপর অগোছালো অবস্থায় পড়ে আছে কাঁথা-বালিশ, বই, একটা ছোট আয়নাসহ বেশ কিছু জিনিসপত্র। তাঁর ছোট ভাই মীর মশিয়ার রহমান বলেন, ভাই বিয়ে করেননি। একা থাকতেন আলাদা বাড়িতে। সেখানেই বাচ্চাদের পড়াতেন। নিজে রান্না করে খেতেন।

দুর্ঘটনাস্থলের পাশেই হাবিবুর রহমানের একতলা পাকা বাড়ি আছে। তাঁর দুই ছেলে। বড় ছেলে তাহমিদ রহমান অষ্টম শ্রেণিতে পড়ে। ছোট ছেলে তাওহিদ হাবিব স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণির ছাত্র ছিল। দুর্ঘটনার পর হাবিবুর রহমানের বাড়ি গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী তাওহীদা বেগম তাওহিদের মরদেহ কোলে নিয়ে বিলাপ করছেন। কান্না থামছে না তাঁর।

হাবিবুর রহমানের বড় ছেলে তাহমিদ রহমান বলে, সকালেও তাওহিদ বাবার কাছে হোটেলে নাশতা করবে বলে আবদার করে। বাবা তাকে সঙ্গে নিয়ে হোটেলে যাচ্ছিলেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। তবে তাঁরা আশঙ্কামুক্ত। দুর্ঘটনা প্রসঙ্গে মনিরামপুর থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান বলেন, কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তাঁর সহকারী পালিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দুই জেলায় নিহত ৩

যশোর ছাড়াও গত বৃহস্পতিবার রাত ও গতকাল সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আরও তিনজন। এ ছাড়া চাঁদপুরে গত ২৬ নভেম্বরের দুর্ঘটনায় আহত একজন গতকাল মারা গেছেন। প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:

নরসিংদীর রায়পুরায় নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সকালে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক রফিকুল মিয়া (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি রায়পুরার সাহেরচর গ্রামের বাসিন্দা।

এদিকে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একটি কারখানার সামনে গতকাল সন্ধ্যায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী মো. শাকিল (১৮) নিহত হন। তিনি গাজীপুরের কালীগঞ্জের দক্ষিণ চৈতারপাড়া গ্রামের মো. রুস্তম আলীর ছেলে।

সাতক্ষীরার আশাশুনির শ্রীউলা মোড়ে বৃহস্পতিবার রাত ১০টার দিকে দাঁড়িয়েছিলেন দেবাশীষ কুমার সরকার (৪২) ও তাঁর প্রতিবেশী অভিজিৎ সরকার। এ সময় মোটরসাইকেলের ধাক্কায় দেবাশীষ কুমার নিহত হন। তিনি উপজেলার গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

আহত তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুরিয়া এলাকায় গত ২৬ নভেম্বর রাতে পণ্যবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. তানভীর (২২) আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বিকেলে তিনি মারা যান। তানভীরের বাড়ি উপজেলার খাগুরিয়া গ্রামে।