রাজশাহীতে ভোররাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, মেঘ কেটে গেলে শীত বাড়বে

সকাল নয়টার দিকেও রাজশাহীতে ঘন কুয়াশা দেখা গেছে। নগরের আলিফ-লাম-মীম ভাটার মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

রাজশাহীতে ভোররাতে দুই দফা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ ছিল দশমিক ৮ মিলিমিটার। গতকাল সোমবার দিবাগত রাত চারটা ও সাড়ে চারটার দিকে দুই দফা বৃষ্টি হয়। বৃষ্টি হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। তবে মেঘ কেটে তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রাজশাহী আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সবশেষ ভোররাতে বৃষ্টি হয়েছে। এটি চলতি বছর রাজশাহীতে শীত মৌসুমের প্রথম বৃষ্টি। এর আগে রাজশাহীতে চলতি বছরের ২৫ অক্টোবর সর্বশেষ ১ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছিল।

রাজশাহীতে বৃষ্টি হলেও মেঘ কেটে যায়নি। আকাশ মেঘাচ্ছন্ন থাকায় তাপমাত্রাও কমেনি। আজ মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে গতকাল রাত থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করেছে। আজ ভোর থেকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত ঘন কুয়াশা দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক লতিফা হেলেন প্রথম আলোকে বলেন, সামান্য গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ এখনো মেঘাচ্ছন্ন। ফলে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। মেঘ কেটে গেলে তাপমাত্রা কমবে। কুয়াশাও তখন কমতে পারে।

শীত উপেক্ষা করেই কাজে বেরিয়েছেন খেটে খাওয়া মানুষ। নগরের পঞ্চবটি এলাকায়

এদিকে আজ ভোর থেকে রাজশাহীতে ঘন কুয়াশা পড়তে শুরু করে। ঘন কুয়াশার কারণে সকাল আটটা পর্যন্ত তিন-চার হাত দূরত্বে কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবে কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবীদের ঘর থেকে বের হতে দেখা গেছে।