
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতা দিয়ে মারধর করে লাঞ্ছিত করার অভিযোগে স্থানীয় বিএনপির নেতা হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। একই সঙ্গে অভিযোগটি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
অভিযুক্ত হারুনুর রশিদ আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ও সাধারণ সম্পাদক আবু সাহেদ মো. সাহিদুল আকরামের সই করা কারণ দর্শানোর নোটিশ এবং পৃথক অফিস আদেশে তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে ইউনিয়ন বিএনপির সহসভাপতি কামরুজ্জামান জুয়েলকে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগে, গতকাল বিকেলে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলনে করা অভিযোগ নিয়ে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এরপর দলীয়ভাবে কারণ দর্শানোর নোটিশ ও তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে রোয়াইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক আজাদুর রহমানের সঙ্গে হারুনুর রশিদের কথা-কাটাকাটি হয়। পরে ২৬ জুন প্রধান শিক্ষক সংবাদ সম্মেলন করলে বিষয়টি ইউনিয়ন বিএনপির নজরে আসে। এ ঘটনায় হারুনুর রশিদকে তিন দিনের মধ্যে লিখিতভাবে কারণ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। অন্যথায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গতকাল সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজাদুর রহমান অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে হারুনুর রশিদ তাঁকে জুতা দিয়ে মারধর করেন। এ ঘটনায় তিনি ২২ জুন আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছেও জমা দেওয়া হয়েছে। থানায় দেওয়া অভিযোগেও তিনি একই অভিযোগের কথা উল্লেখ করেছেন।
তবে হারুনুর রশিদ অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষকের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতেই এ অভিযোগ করা হয়েছে। তিনি কারণ দর্শানোর নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
রুকিন্দীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। তবে ইউনিয়ন বিএনপির একটি সূত্র জানিয়েছে, প্রধান শিক্ষকের অভিযোগ দলীয়ভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁর লিখিত জবাব পাওয়ার পর সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।
আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল গতকাল রাত সাড়ে আটটার দিকে বলেন, তিনি কারণ দর্শানোর নোটিশের অনুলিপি হাতে পেয়েছেন।