নড়াইলে বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

লাশ
প্রতীকী ছবি

নড়াইল সদর উপজেলায় বিরোধপূর্ণ জমির পাট কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে রাধাবল্লভ বিশ্বাস (৭৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক রাধাবল্লভ বিশ্বাস সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ গ্রামের রাজমোহন বিশ্বাসের ছেলে। সংঘর্ষে উভয় পক্ষের আরও অন্তত ১১ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সদর উপজেলার দেবভোগ গ্রামের রাধাবল্লভ বিশ্বাসের সঙ্গে উপজেলার বাহিরগ্রামের সালাম শেখের একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দেবভোগ গ্রামের বিলের ওই জমিতে পাট রোপণ করেছিলেন রাধাবল্লভ বিশ্বাস। আজ দুপুরে কয়েকজন লোক নিয়ে ওই পাট কাটতে যান সালাম শেখ। তাঁরা হাঁসুয়া দিয়ে পাট কাটতে থাকেন। দুপুর সাড়ে ১২টার দিকে রাধাবল্লভ বিশ্বাস, তাঁর ভাই দুর্লভ বিশ্বাস ও দুই ভাইয়ের ছেলে সুফল বিশ্বাস ও রামপদ বিশ্বাসকে নিয়ে পাট কাটতে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে রাধাবল্লভ বিশ্বাস গুরুতর আহত হন। লাঠির আঘাত ও হাঁসুয়ার কোপে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন।

স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় রাধাবল্লভ বিশ্বাসকে উদ্ধার করে ইঞ্জিনচালিত ভ্যানে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। বেলা একটার দিকে উপজেলার কোড়গ্রামে পৌঁছালে সালাম শেখ নিজের ব্যাটারিচালিত ইজিবাইক দিয়ে পেছন দিক থেকে ভ্যানটিকে ধাক্কা দেন। এতে রাধাবল্লভ বিশ্বাস সড়কের ওপর ছিটকে পড়েন। এরপর তাঁকে সেখান থেকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বেলা তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আহত ১১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে সংঘর্ষের বিষয়ে উভয় পক্ষের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবাইদুর রহমান বলেন, বিরোধপূর্ণ জমি থেকে পাট কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সময় হাঁসুয়ার কোপে রাধাবল্লভ বিশ্বাস নিহত হয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে নড়াইল সদর হাসপাতালের মর্গে তাঁর ময়নাতদন্ত হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।