ফেনী জেলা জজ আদালত
ফেনী জেলা জজ আদালত

ফেনীতে আদালতে আত্মহত্যার চেষ্টা বিচারপ্রার্থী নারীর

ফেনীতে স্বামীর বিরুদ্ধে করা যৌতুকের মামলার শুনানির সময় আদালতের এজলাসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন এক নারী। আজ রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ফুলগাজী আমলি আদালত) মিনহাজ উদ্দিনের আদালতে এ ঘটনা ঘটে। পরে তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।

আদালত সূত্র জানায়, ফুলগাজীর এক ব্যক্তির বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে গত ২৯ জানুয়ারি মামলা করেন তাঁর প্রথম স্ত্রী। আপস-মীমাংসার শর্তে আদালত স্বামীর জামিন মঞ্জুর করেছিলেন। জামিনের মেয়াদ শেষে আজ তিনি আদালতে হাজির হয়ে পুনরায় জামিনের আবেদন করেন। শুনানিকালে ওই নারী ও তাঁর আইনজীবী জামিনের বিরোধিতা করেন। পরে বিচারক জামিন নামঞ্জুর করে স্বামীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় ওই নারী তাঁর ভ্যানিটি ব্যাগ থেকে একটি বোতলে থাকা বিষ পান করেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পরে আদালতে উপস্থিত আইনজীবী ও কোর্ট পুলিশের সদস্যরা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শাহরিয়ার বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (ফুলগাজী আমলি আদালত)–এর রাষ্ট্রপক্ষের সহকারী কৌঁসুলি মোশাররফ হোসেন বলেন, বিচারপ্রার্থী এক নারী আদালতের এজলাসে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন।

ওই নারীর স্বজনেরা দাবি করেন, দীর্ঘদিন ধরে স্বামী তাঁকে ঘরে না তুলে অন্যত্র রেখে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছেন। বিবাহবিচ্ছেদও করছেন না, আবার কাবিনের টাকাও পরিশোধ করছেন না। উল্টো যৌতুক দাবি করে হুমকি দিচ্ছেন। এসব কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

ফেনী কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, আদালতের এজলাসে বিষপানের ঘটনায় ওই নারীকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। হাসপাতালে সুস্থ হওয়ার পর তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।