নারী নির্যাতন
নারী নির্যাতন

জাহাঙ্গীরনগরের এক ছাত্রীকে বাসায় ডেকে নির্যাতনের অভিযোগ প্রাক্তন ছাত্রের বিরুদ্ধে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন এক ছাত্রের বিরুদ্ধে। পরে ভুক্তভোগী ছাত্রী জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করলে আশুলিয়া থানার পুলিশ তাঁকে উদ্ধার করে।

ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের ৫৩তম ব্যাচের। যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি, বিশ্ববিদ্যালয়ের ৪৪তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী। তাঁর বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে।

পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেয়। সেখানে তিনি তাঁর বিভাগের এক নারী শিক্ষকের কাছে ঘটনার বিবরণ দেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে ওই নারী শিক্ষক বলেন, প্রাক্তন ছাত্রের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর সম্পর্ক ছিল। পরে ভেঙে যায়। তবে গতকাল মঙ্গলবার প্রাক্তন ওই ছাত্র ভুক্তভোগীর হলের সামনে গিয়ে নানা অগ্রহণযোগ্য কাজ করেন। একপর্যায়ে প্রাক্তন ওই ছাত্র কথা বলার জন্য বাসায় যেতে ওই ছাত্রীকে জোরাজুরি করেন। তিনি রাজি না হলে তাঁকে ব্ল্যাকমেল করেন। পরে প্রাক্তন ওই ছাত্রের বাসায় যান ভুক্তভোগী। তখন ছাত্রীর মুখ টেপ দিয়ে আটকে তাঁকে মারধর করা হয়, হাতে গরম পানি ঢেলে দেওয়া হয়। পরে বাসার কক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দিয়ে প্রাক্তন ওই ছাত্র চলে যান। তখন ৯৯৯–এ কল দিয়ে জানালেন পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ আকন প্রথম আলোকে বলেন, পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই ছাত্রীকে মারধর করা হয়েছে এবং ধর্ষণ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। সাভারে এর চিকিৎসা নেই, তাই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক তানভীর হোসেন বলেন, ভুক্তভোগী ছাত্রীকে পুলিশ নিয়ে এসেছিল। তবে তাঁর হাতের ৩ থেকে ৪ সেন্টিমিটার পুড়ে গেছে। এর চিকিৎসা এখানে না থাকায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, ‘ঘটনাটি ঘটেছে ক্যাম্পাসের বাইরে। আশুলিয়ার থানার পুলিশ আমাদের জানিয়েছিল। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার সদস্যদের সেখানে পাঠিয়েছি। ভুক্তভোগী ছাত্রী বুধবার (আজ) আমাদের সবকিছু বলবেন বলে জানিয়েছেন।’