
সরকারের দমন-পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি, বিদ্যুৎ, নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশের ডাক দিয়েছে দলটি। খুলনার বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এ জন্য দিনরাত দৌড়ঝাঁপ করছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির অর্ধডজন নেতাসহ বিভাগের জ্যেষ্ঠ নেতারা।
বিভাগের অধিকাংশ শীর্ষ নেতা কারাগারে বন্দী থাকলেও খুলনায় অবস্থানরত নেতারা বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি ঘটিয়ে রাজনৈতিক শক্তি প্রদর্শনের মহড়া দিতে চায়।
দলীয় সূত্রে জানা গেছে, ৪ ফেব্রুয়ারির সমাবেশকে কেন্দ্র করে সব স্তরে বিএনপি নেতা-কর্মী নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুতি জোরদার করছেন। কীভাবে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক নিয়ে নিজ নিজ এলাকা থেকে সমাবেশে উপস্থিত থাকা যায়, সেই পরিকল্পনা করে প্রস্তুতি জোরদার করছেন তাঁরা। এ জন্য দলটির সর্বস্তরে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। সমাবেশকে কেন্দ্র করে ১৪টি উপকমিটি গঠন করা হয়েছে।
দেশের বাইরে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাদের সঙ্গে এ নিয়ে কথা বলছেন। জ্যেষ্ঠ নেতারাও সমাবেশের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
সূত্রটি জানায়, সমাবেশ করার জন্য নগরের সোনালী ব্যাংক চত্বর অথবা হাদিস পার্ক ব্যবহারের অনুমতি চেয়ে সিটি করপোরেশনের কাছে চিঠি দিয়েছেন বিএনপি। একই সঙ্গে কেএমপি কমিশনারকে অবহিত করেছেন। সমাবেশে আসার পথে নেতা-কর্মীরা যেন কোনো বাধার সম্মুখীন না হন, সে জন্য পুলিশের সহযোগিতা চেয়েছেন। বুধবার বিকেল পর্যন্ত সমাবেশের স্থানের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি।
খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান বলেন, বিভাগীয় সমাবেশ থেকেই সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ে সরকারকে সময়সীমা (আলটিমেটাম) বেঁধে দেওয়া হবে। তাই এই সমাবেশ কেন্দ্র করে বিভাগের সর্বস্তরের বিএনপির নেতা-কর্মীর মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। রাজপথ দখলে রাখার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নেতা-কর্মীরা প্রস্তুত আছেন। ৪ ফেব্রুয়ারির সমাবেশে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা রাখেন তিনি।
খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘৪ ফেব্রুয়ারি খুলনায় বিএনপির সমাবেশের অনুমতি চেয়ে কেসিসি ও কেএমপিকে চিঠি দিয়েছি। সোনালী ব্যাংক চত্বর অথবা শহীদ হাদিস পার্কে সমাবেশ করার অনুমতি চেয়েছি। আমরা জেনেছি সমাবেশ করতে পারব, তবে ভেন্যু এখনো নির্ধারিত হয়নি।’
শফিকুল আলম বলেন, ‘সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের আসতে যাতে বাধা দেওয়া না হয়, এ বিষয়ে কেএমপি কমিশনারকে জানিয়েছি। আমরা বলেছি, শান্তিপূর্ণভাবে সমাবেশ হবে, কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। তাঁরা বলেছেন, আলোচনা করে পরে আমাদের জানাবেন। পুলিশ নিরাপত্তার বিষয়টি দেখবে বলে আশ্বস্ত করেছে। আমাদের আগের বিভাগীয় গণসমাবেশের সময় সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়। এবার এভাবে যাতে পরিবহন বন্ধ করা না হয়; আমাদের সমাবেশে যাঁরা আসবেন, তাঁদের যেন বাধা না দেওয়া হয় এবং তাঁদের ওপর যেন কোনো আক্রমণ না করা হয়। খুলনায় একটা সহাবস্থানের রাজনৈতিক সংস্কৃতি আছে। আমরা যাতে সফল সমাবেশ করতে পারি, সে জন্য পুলিশ, প্রশাসনসহ সব মহলকেই আহ্বান জানিয়েছি।’
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী বলেন, ‘খুলনার সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা শান্তিপূর্ণভাবে মহাসমাবেশ করতে চাই। আশা করছি অন্যান্য বিভাগের মতো খুলনার সমাবেশ সফল করার মধ্য দিয়ে সরকারকে আমরা বার্তা দিতে পারব, অবিলম্বে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিন। তা না হলে দুর্বার আন্দোলনে এ সরকারের পতন হবে।’