
বসতঘরে বন্যার পানি ঢুকে পড়ায় গভীর রাতে পরিবারের সদস্যদের নিয়ে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য বের হয়েছিলেন তরুণ জুনায়েদুল ইসলাম (২২)। বাড়ির কিছু দূর যেতেই পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি। অনেক খোঁজাখুঁজি করে প্রায় ১৩ ঘণ্টা পর তাঁর লাশ পাওয়া যায়।
মঙ্গলবার বেলা তিনটার দিকে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়। জুনায়েদুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জনকল্যাণ এলাকার বাসিন্দা। বেসরকারি বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বন্যার পানি বেড়ে যাওয়ায় সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঘর থেকে আশ্রয়কেন্দ্রের খোঁজে বের হয়েছিলেন তিনি। মঙ্গলবার বেলা তিনটার দিকে একই এলাকায় একটি গাছের শিকড়ে আটকে থাকা অবস্থায় তাঁর লাশ খুঁজে পান স্থানীয় বাসিন্দারা।
পানিতে নিখোঁজ হওয়ার আগে সোমবার রাত ১১টার দিকে জুনায়েদুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার কথা লিখে এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভবনকে আশ্রয়কেন্দ্র হিসেবে খুলে দেওয়ার দাবি জানান তিনি।
আমিরাবাদ ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য জাহাঙ্গীর আলম জুনায়েদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, পানিবন্দী থাকায় জুনায়েদুল ইসলামের লাশ তাঁর ঘরে নেওয়াও সম্ভব হয়নি।