
বিশ্বকাপ ফাইনালের উন্মাদনায় মেতেছে চট্টগ্রাম। ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল খেলা উপভোগ করতে চলছে নানা আয়োজন। কোথাও বড় পর্দায়, কোথাও বন্ধুবান্ধব একজোট হয়ে খেলা দেখার পরিকল্পনা সাজিয়েছেন। নগরের বিভিন্ন মাঠ ও হোটেল-মোটেলে বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করা হয়েছে।
ফ্রান্স-আর্জেন্টিনার মধ্যে খেলা হলেও বাংলাদেশ সমর্থনের ক্ষেত্রে এগিয়ে আর্জেন্টিনা। তবে দল বিশ্বকাপ–দৌড়ে না থাকলেও পিছিয়ে নেই ব্রাজিলের সমর্থকেরা। বেশির ভাগ ব্রাজিল সমর্থক ফাইনালে ফ্রান্সকে সমর্থন দিচ্ছেন। খেলা শুরুর আগে দুপক্ষের মধ্যে কথার লড়াইও থেমে নেই। সামাজিক যোগাযোগমাধ্যম, সামনাসামনি আড্ডার সঙ্গে সঙ্গে ঝড় উঠেছে চায়ের কাপেও।
নগরের শতদল ক্লাব মাঠে রাতে বড় পর্দায় ফাইনাল খেলা দেখার আয়োজন করেছেন কয়েক তরুণ। কোয়ার্টার ফাইনাল থেকে এখানে বড় পর্দায় খেলা দেখানো হচ্ছে। আজও তাঁরা আগেভাগে খেলা দেখার আয়োজন করেছেন। আয়োজকদের বেশির ভাগ আর্জেন্টিনা সমর্থক। তাঁরা বলেন, বড় ভাই এবং নিজেদের সহায়তায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আর্জেন্টিনা জিতলে বড় ধরনের মিছিল বের করার প্রস্তুতিও নিয়ে রেখেছেন তাঁরা।
নগরের জামালখান মোড়ে স্থায়ী একটি বড় এলইডি স্ক্রিন আছে। তাতে রাশিয়া বিশ্বকাপের বেশ কয়েকটি ম্যাচ দেখানো হয়েছিল। এবার সমর্থকদের মধ্যে গন্ডগোল বাধার আশঙ্কায় তা করা হয়নি। তবে ফাইনালের ম্যাচ দেখার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ মূলত এই উদ্যোগ নিচ্ছেন। তিনি প্রথম আলোক বলেন, ‘ফাইনাল ম্যাচ দেখানোর জন্য ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছি। এ জন্য মৌখিকভাবে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অনুমতি দিয়েছেন। আশা করি, রাত ৯টার ম্যাচটি দেখাতে পারব।’
বিভিন্ন হোটেল–মোটেলেও চলছে একসঙ্গে বড় পর্দায় ফুটবল খেলা দেখার আয়োজন। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বড় বড় হোটেলের কক্ষ এবং মিলনায়তন ভাড়া নিয়ে এই আয়োজনের ব্যবস্থা করেছেন বলে জানা গেছে। একটি বহুজাতিক সিমেন্ট কারখানা নগরের পেনিনসুলা হোটেলের মিলনায়তনে বড় পর্দায় খেলা দেখা এবং খাওয়াদাওয়ার আয়োজন করেছে। একইভাবে নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতেও বড় পর্দায় খেলা দেখার আয়োজন রয়েছে।
সবচেয়ে বড় চমক দিয়েছেন বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাওয়া এক যুগল। তাঁদের আজ বিয়ে হবে নগরের একটি কমিউনিটি সেন্টারে। ওই বিয়েতে বড় পর্দায় দেখানো হবে আর্জেন্টিনা-ফ্রান্সের খেলা। বর–কনে দুজনই আর্জেন্টিনার সমর্থক। তাই এই উদ্যোগ আরও গতি পেয়েছে।
বর আমিনুল ইসলাম বলেন, ‘ফাইনাল খেলা হওয়ায় অনেকে বিয়েতে না-ও আসতে পারেন। তাই বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা করা হয়েছে। আশা করি, আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করবে।’ তাঁর আশা, মেসির হাতে উঠবে ফাইনালের শিরোপা।