এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে রাতুল শেখ জানতে পারেন বাবা দুর্ঘটনায় মারা গেছেন। তাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান তিনি
এইচএসসি পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে রাতুল শেখ জানতে পারেন বাবা দুর্ঘটনায় মারা গেছেন। তাই গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান তিনি

পরীক্ষা শেষে বাড়ি ফিরে রাতুল জানতে পারেন, বাবা আর নেই

রাজবাড়ীর অঙ্কুর স্কুল ও কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন রাতুল হাসান। আজ রোববার আইসিটি পরীক্ষা শেষে বাড়ি ফিরে তিনি জানতে পারেন তাঁর বাবা কুদরত শেখ (৪৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান রাতুল। এসে দেখেন হাসপাতালের বারান্দায় একটি ট্রেতে বাবার নিথর দেহ পড়ে আছে।

কুদরত শেখের বাড়ি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মুন্সিপাড়ায়। তিনি মসলার ব্যবসা করতেন। আজ দুপুরে রাজবাড়ী সদর উপজেলার কুটি পাচুরিয়ার বাজারে যাওয়ার পথে পণ্যবোঝাই ভ্যান উল্টে খাদে পড়ে পানিতে ডুবে তিনি মারা যান।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী নজরুল ইসলাম নামের এক ব্যক্তি বলেন, আজ দুপুর ১২টার দিকে ছোটভাকলা ইউনিয়নের চর মাইটকোড়া এলাকায় রাস্তার পাশে ভাঙা জায়গায় চাকা আটকে পণ্যবাহী একটি ভ্যান উল্টে রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে খাদের পানিতে পড়ে যায়। কয়েকবার উল্টে ভ্যানটি শরীরের ওপর পড়লে কুদরত শেখের মাথা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বেলা দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, হাসপাতালের প্রবেশপথে কুদরত শেখের স্ত্রী রুমি বেগম আহাজারি করছেন। স্বজনেরা তাঁকে সান্ত্বনা দিচ্ছিলেন। হাসপাতালের বারান্দায় ট্রের ওপর কুদরত শেখের মৃতদেহ পড়ে আছে। আত্মীয়-স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে।

রুমি বেগম বলেন, তাঁর স্বামী কুদরত শেখ হলুদ, ধনিয়া, মরিচের গুঁড়া, লবণ, মসলাজাতীয় পণ্যের ব্যবসা করতেন। গোয়ালন্দ ও রাজবাড়ীর বিভিন্ন হাটে বসে খুচরা বেচাকেনা করতেন তিনি। আজ রাজবাড়ীর পাচুরিয়ার হাট থাকায় সকালে গোয়ালন্দের পৌর জামতলা বাজার থেকে জিনিসপত্র কেনেন। স্বামীর সঙ্গে থেকে তিনি এসব জিনিস প্যাকেট করে গোছগাছ করে দেন। বেলা সাড়ে ১১টার দিকে ভ্যানবোঝাই করে পাচুরিয়ার উদ্দেশে রওনা দেন। বেলা ১টার দিকে ফোনে খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখেন তাঁর স্বামী বেঁচে নেই।

রুমি বেগমের সঙ্গে এই প্রতিবেদকের কথা বলার কিছুক্ষণ পরে দৌড়ে হাসপাতালে আসেন কুদরত শেখের একমাত্র ছেলে রাতুল শেখ। বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সবাই তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এ সময় রাতুল আহাজারি করে বলতে থাকে, ‘আমি পরীক্ষা দিয়ে তোমার মুখ কেন দেখতে পেলাম না। আল্লাহ আমার বাবাকে আমি এখন কই পাব? তোমরা আমার বাবাকে এনে দাও। আমার এখন কী হবে?’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।