মৌলভীবাজার

জেলা বিএনপির দুই পক্ষের দূরত্ব নিরসনের আভাস 

১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশকে সফল করতেও সভাপতি–সাধারণ সম্পাদক দুই পক্ষ পৃথক সভা করেছে। 

মৌলভীবাজার জেলা বিএনপির বিরোধী দুই অংশের নেতা-কর্মীদের দূরত্ব কমতে শুরু করেছে বলে জানা যাচ্ছে। সম্প্রতি অনেক দিন পর জেলা বিএনপির ওই দুই অংশের নেতা-কর্মীরা এক ছাদের নিচে বসেছিলেন। একত্রে সভা করেছেন। বক্তব্য দিয়েছেন। গত বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই বিশেষ সভা হয়। সভায় জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন দুই অংশের নেতা-কর্মীই অংশ নেন। এতে বিরোধ মিটে যাওয়ার আশা করছেন অনেকে।

গত ১৯ নভেম্বরের সিলেট বিভাগীয় গণসমাবেশকে সফল করতে ৯ নভেম্বর জেলা বিএনপির ব্যানারে মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেলের সম্মেলনকক্ষে একটি সমন্বয় সভা হয়েছে। জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও গণসমাবেশ প্রস্তুতি কমিটির উপদেষ্টা আবদুল মঈন খান। এই সভায় কেন্দ্রীয় নেতারা ছাড়াও নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের নেতা-কর্মীরা অংশ নেন। অন্যদিকে একই দিন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বাধীন অংশ শহরের হোটেল ওয়েস্টার্ন প্লাজায় পৃথক মতবিনিময় সভা করেছে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি আবদুল মুকিত। জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন অংশ এই মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন। সিলেটের মহাসমাবেশ সফল করতে দুই পক্ষ বিভিন্ন উপজেলায় ঘরোয়া বৈঠক, সমন্বয় সভা করেছে। দুই পক্ষ আলাদাভাবে সিলেট বিভাগীয় গণসমাবেশে অংশ নিয়েছে।

জেলা বিএনপি ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১১ এপ্রিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মৌলভীবাজার জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের পর একসঙ্গে সব কার্যক্রম চলেছে। তবে দেড় বছর হলো জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বাধীন জেলা বিএনপির দুই অংশ আলাদাভাবে কার্যক্রম পরিচালনা শুরু করে। জেলা বিএনপির সভাপতির একক সিদ্ধান্ত ও দস্তখতে মৌলভীবাজার পৌর কমিটি গঠন, কমিটি থেকে কাউকে বাদ দেওয়া, কাউকে পদোন্নতি দেওয়াসহ গঠনতন্ত্র অনুসরণ না করার অভিযোগ তুলে সাধারণ সম্পাদক ও তাঁর নেতৃত্বাধীন অংশ আলাদা কার্যক্রম, কর্মসূচি পালন করছে। সেই পৃথক কার্যক্রমের ধারাতে সিলেটের গণসমাবেশকে কেন্দ্র করে তৎপরতাও আলাদাভাবে হয়েছে।

এরই মধ্যে গত বৃহস্পতিবার বিএনপি কেন্দ্রীয় কমিটির আহ্বানে মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে মৌলভীবাজার জেলা বিএনপির বিশেষ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হাসান ও সহসাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন। এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন বিএনপি জেলা কমিটির সভাপতি এম নাসের রহমান। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক বকসী মিছবাউর রহমান। সভায় কেন্দ্রীয় নেতারা সব বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান গত সোমবার প্রথম আলোকে বলেন, ‘বিশেষ সভায় কেন্দ্রীয় কমিটির নির্দেশে পূর্ণাঙ্গ কমিটির সবাই গিয়েছি। সভায় দেশের সবশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা কমিটি চললে আমাদের একসঙ্গে কাজ করতে তো কোনো সমস্যা নেই।’

জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের নেতৃত্বাধীন অংশের নেতা জেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক মেয়র ফয়জুল করিম গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমরা একসঙ্গে মিটিং করলাম। সাধারণ সম্পাদক (মিজানুর রহমান) সভা পরিচালনা করেছেন। একটু মতবিরোধ, ভুল বোঝাবুঝি ছিল। কেন্দ্রীয় কমিটি চেয়েছে, মিটিংয়ে সবাই এসেছে। মিটিংয়ে কোনো বিরোধের আলামত দেখিনি। একসঙ্গে মিটিং করায় আমাদের ভালো লাগছে।’ তিনি বলেন, অনেকের মধ্যে আলোচনা হলেও কেন্দ্র থেকে সম্মেলন বা কমিটি নিয়ে কোনো কথা হয়নি।