কুড়িগ্রামে রাস্তা ও সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ-মানববন্ধন

কুড়িগ্রামে রাস্তা ও সেতু সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন করা হয়েছে
 ছবি: প্রথম আলো

কুড়িগ্রাম পৌর শহরের ভেলাকোপা হানাগড়ের মাথা থেকে ক্যাতক্যাতার বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটারের রাস্তা সংস্কার ও একটি সেতু নির্মাণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

আজ সোমবার দুপুরে এলাকাবাসীর ব্যানারে একটি বিক্ষোভ মিছিল কুড়িগ্রাম পৌরসভার সামনে থেকে বের হয়। পরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন এলাকাবাসী। পরে আবার মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান তাঁরা। কুড়িগ্রাম জেলা প্রশাসককে তাঁরা একটি স্মারকলিপি প্রদান করেন।

পৌর কর্তৃপক্ষ কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে দিলেও ভোগান্তি কাটেনি দুই পাড়ের প্রায় ১০ হাজার বাসিন্দার।

কর্মসূচিতে অংশ নেওয়া লোকজন জানান, ২০১১-১২ অর্থবছরে কুড়িগ্রাম পৌরসভার অধীনে টাপু ভেলাকোপার হানাগড়ের মাথায় পাকা রাস্তা ও সংযোগ সড়কসহ ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় হানাগড় সেতু। ১৭ মিটার দৈর্ঘ্য ও ৫ মিটার প্রস্থের সেতুটি গ্রামবাসীর জন্য আশীর্বাদ হয়ে এসেছিল। তবে ২০১৭ সালের বন্যায় সেতুটি অক্ষত থাকলেও ভেঙে যায় সংযোগ সড়ক। উপায়ান্তর না পেয়ে এলাকাবাসী বাঁশের সাঁকো তৈরি করে চলাচলের ব্যবস্থা করেন। এ বছর পৌর কর্তৃপক্ষ কাঠ ও বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে দিলেও ভোগান্তি কাটেনি দুই পাড়ের প্রায় ১০ হাজার বাসিন্দার।

মানববন্ধনে অংশ নেওয়া সফিকুল ইসলাম বলেন, ‘গত পাঁচ বছর ধরে এ অঞ্চলে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। অনেক রাজনৈতিক ব্যক্তিকে জানানোর পরেও কোনো লাভ হয়নি। তাই মানববন্ধন করতে আমরা বাধ্য হয়েছি। যদি দ্রুত সময়ের মধ্যে এই সেতু পুনর্নির্মাণ ও সংস্কারের উদ্যোগ না নেন, তাহলে পরবর্তী সময়ে আমরা কঠোর কর্মসূচি দেব।’

এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার মেয়র মো. কাজিউল ইসলাম বলেন, সেতুটি সংস্কারের জন্য ইতিমধ্যে ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। বাজেট এলেই আগামী বছরে খুব দ্রুতই রাস্তা ও সেতুটি সংস্কার করা হবে।