
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে সাত ছাত্রকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে পাঁচজনকে এক বছরের জন্য এবং দুজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলনকক্ষে সিন্ডিকেট কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন।
বহিষ্কৃত ছাত্ররা হলেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ছাত্র সুমন দাস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সৈয়দ মুস্তাকিম সাকিব, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস)বিভাগের ছাত্র মো. আরিফুল ইসলাম, মো. জায়েদ ইকবাল তানিম, মো. ইমাম হোসেন ইমরান, মো. রিফাত হোসেন ও মো. বিশাল আলী।
ক্লাস–পরীক্ষা থেকে বহিষ্কারের পাশাপাশি বহিষ্কারাদেশ থাকাকালীন ওই শিক্ষার্থীদের আবাসিক হলের সিট বাতিল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
বহিষ্কৃত ছাত্রদের মধ্যে সুমন দাস, সৈয়দ মুস্তাকিম সাকিব, মো. ইমাম হোসেন, মো. রিফাত হোসেন ও বিশাল আলীকে এক বছরের জন্য এবং মো. আরিফুল ইসলাম ও মো. জায়েদ ইকবালকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন বলেন, এই বহিষ্কারাদেশ বৃহস্পতিবার থেকে কার্যকর হবে। ক্লাস–পরীক্ষা থেকে বহিষ্কারের পাশাপাশি বহিষ্কারাদেশ থাকাকালীন আবাসিক হলের সিট বাতিল ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।
ইশফাকুল হোসেন বলেন, তিন ছাত্রীকে পৃথক হয়রানির অভিযোগে একাধিকবার তদন্তের পর তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বহিষ্কার করা হয়েছে।