
নিখোঁজ হওয়ার সময় পাঁচ বছরের মেয়েশিশুটির কানে সোনার রিং ছিল। সাত দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে একটি গমখেতে তার লাশ পাওয়া যায়। তবে এ সময় মেয়েটির কানের রিং ছিল না। পুলিশের ধারণা, সোনার রিংয়ের কারণেই শিশুটিকে প্রাণ দিতে হয়েছে।
শিশুটির বাড়ি রাজশাহীর বাঘা উপজেলার একটি গ্রামে। শিশুটির বাবা জানান, ২ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে বাড়ির পাশে রেললাইনের ওপরে খেলছিল তার মেয়ে। তখন তিনি মেয়েকে শীতের কাপড় পরাতে গিয়েছিলেন। খেলায় মগ্ন থাকার কারণে কাপড় গায়ে দিতে চায়নি। বলেছিল তার শীত লাগেনি। এরপর তিনি তাঁর দোকানের কাজে ব্যস্ত হয়ে পড়েন। পরে মেয়ে আর বাড়ি ফিরে আসেনি। রাত থেকেই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরের দিন বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত রোববার থানায় অপহরণের মামলা করেন। শেষ পর্যন্ত গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে একটি গমখেতে তাঁর মেয়ের লাশ পাওয়া যায়।
স্থানীয় লোকজন বলছেন, শামীম হোসেন নামের এক ব্যক্তি নিজের পেঁয়াজের খেত দেখতে গিয়ে পাশের গমখেতে শিশুটির লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের লোকজন সেখানে মেয়েটির লাশ শনাক্ত করেন। মৃত মেয়েটির মুখ কালো হয়ে গেছে।
মেয়েটির চাচা বলেন, তাঁরা এলাকার কোনো জায়গায় খুঁজতে বাকি রাখেননি। তাঁদের ধারণা, অন্য জায়গায় তাঁর ভাতিজিকে হত্যা করে লাশ গমখেতে ফেলে রেখে গেছে।
মেয়েটির লাশ দেখার পর থেকে বাবা নির্বাক হয়ে বসে আছেন। তিনি কোনো কথা বলতে পারছেন না। শিশুটির মা বলেন, তাঁর বাচ্চার কানে দেড় আনা সোনার রিং ছিল। লাশ উদ্ধারের সময় তিনি খেয়াল করতে পারেননি কানে রিংটা আছে কি না।
তবে লাশের সঙ্গে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে আছেন শিশুটির চাচা। তিনি বলেন, মেয়ের কানের রিং নেই।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, রিংয়ের জন্যই শিশুটিকে প্রাণ দিতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় তার কানের রিং ছিল না। লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরার চেষ্টা অব্যাহত আছে।