চট্টগ্রাম নগরের একটি বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের তিন মাস পর উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার রাতে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের একটি বাসা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
অভিযুক্তের নাম আল মামুন আফবিয়া (২০)। তিনি উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ইস্ট ক্যাম্পের বাসিন্দা।
পিবিআই জানায়, ইনস্টাগ্রামে আল মামুনের সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয় বছরখানেক আগে। তখন নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছিলেন তিনি। গত ১৯ মে কোচিংয়ে যাওয়ার পথে হালিশহর এলাকা থেকে ওই ছাত্রীকে আল মামুন নিয়ে যান। এ ঘটনায় গত ২ জুন ছাত্রীর মা আদালতে অপহরণের মামলা করেন। আদালত পিবিআইকে তদন্ত ও উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দেন।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর উপপরিদর্শক (এসআই) মহসীন চৌধুরী প্রথম আলোকে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছে ওই ছাত্রী।
এসআই মহসীন আরও বলেন, আল মামুন নিজেকে বাংলাদেশি পরিচয় দিয়েছিলেন। পরিচয়ের পর তাঁদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। পরে মেয়েটিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। মেয়েটি জানিয়েছে, তাদের বিয়ে হয়নি। তবে আল মামুন একাধিকবার তাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেছেন।