সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার রাতে
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। গতকাল বুধবার রাতে

সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশের একটি টহল দল। এ ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, তাহিরপুর থানার উপপরিদর্শক মোহাম্মদ আলীর নেতৃত্বে একদল পুলিশ সদস্য বুধবার রাতে উজান তাহিরপুর গ্রামে যান। সেখানে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তির দোকানে মাদক উদ্ধারে তল্লাশি চালান পুলিশ সদস্যরা। এ সময় দোকানে থাকা কয়েকজন যুবক পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পুলিশ দোকান থেকে একজনকে আটক করে। এ সময় দোকানে থাকা অন্য যুবকেরা আটক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশ সদস্য মিটু মিয়া আহত হন।

খবর পেয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একই সঙ্গে হামলার ঘটনায় জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়।

ওসি আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানে গিয়ে পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। এতে একজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে সাতজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।