এনসিপির পথসভায় বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। গতকাল বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলার শহীদ মিনার চত্বরে
এনসিপির পথসভায় বক্তব্য দেন দলটির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। গতকাল বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলার শহীদ মিনার চত্বরে

স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নতজানু নীতির পুনরাবৃত্তি দেখা যাচ্ছে।

গতকাল মঙ্গলবার বিকেলে বাগেরহাটের চিতলমারী উপজেলায় এক পথসভায় এ কথা বলেন হাসনাত আবদুল্লাহ। এনসিপির উপজেলা শাখার আয়োজনে শহীদ মিনার চত্বরে কর্মসূচিটি হয়।

এনসিপির এই নেতা বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম, এই সরকার আসলে আমাদের যে পররাষ্ট্রনীতি ও সীমান্তে ভারতীয় যে অপনীতি আছে, সেগুলোর বিরুদ্ধে জাতীয়ভাবে সুস্পষ্ট ও সুদৃঢ় নীতিমালা করা হবে। তবে অত্যন্ত পরিতাপের বিষয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমরা নতজানু নীতির পুনরাবৃত্তি দেখতে পেয়েছি। আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী যে ভাষায় কথা বলতেন, ঠিক একই ভাষায় এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার কিলিংকে (সীমান্ত হত্যা) বৈধতা দিয়েছেন।’

তবে সীমান্তে বিজিবির সদস্যরা সাহসী ভূমিকা রাখছেন দাবি করে দায়িত্বরত সবার প্রতি এনসিপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন হাসনাত আবদুল্লাহ।

বিএনপি সরকার জনগণের সঙ্গে দ্বিচারিতা করতে পারে। কিন্তু যেই জনগণ জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল, যে মা-বাবা সন্তান, যে বোন ভাইকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না।
হাসনাত আবদুল্লাহ, এনসিপির মুখ্য সংগঠক ও সংসদ সদস্য

বাংলাদেশ একটি সংকটময় সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দীর্ঘ ফ্যাসিবাদ–পরবর্তী সময়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, তা এখন হতাশায় পরিণত হচ্ছে। শুধু সরকারের প্রতিজ্ঞা ভাঙার কারণে জাতীয় আত্মবিশ্বাস জাতীয় হতাশায় পরিণত হবে।’

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির সমালোচনা করে এনসিপির এই সংসদ সদস্য বলেন, ‘বিএনপি সরকার জনগণের সঙ্গে দ্বিচারিতা করতে পারে। কিন্তু যেই জনগণ জুলাইয়ে রাস্তায় নেমে এসেছিল, যে মা-বাবা সন্তান, যে বোন ভাইকে হারিয়েছিল, সেই জনগণ কখনো পথ হারাতে পারে না।’

এনসিপির চিতলমারী উপজেলা শাখার প্রধান সন্বয়কারী এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মশিউর রহমান খান, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, এনসিপির কেন্দ্রীয় নেতা মহিউদ্দিন রনি প্রমুখ।