বিএনপির দম ফুরিয়ে গেছে: হাছান মাহমুদ

রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আজ শুক্রবার বিকেলে নগরের হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে
ছবি: প্রথম আলো

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দম ফুরিয়ে গেছে বলে তারা নীরব পদযাত্রার ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার বিকেলে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগামী রোববার রাজশাহী নগরের মাদ্রাসা মাঠে (বর্তমানে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠ) প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার জনসভা রয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে জনসভাস্থল পরিদর্শন করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘এখন বিএনপিকে শীতের পাখির মতো দেখা যাচ্ছে। কয়েক দিন বিরতি দিয়ে দিয়ে একটা প্রোগ্রাম করে। ওই যে গাড়ি যখন পুরোনো হয়ে যখন আর চলে না, তখন এটাকে কয়েক দিন পরপর স্টার্ট দিতে হয়। তো বিএনপিরও কয়েক দিন পর পর প্রোগ্রাম হচ্ছে ওই পুরোনো গাড়ি মাঝেমধ্যে স্টার্ট দেওয়ার মতো। এখন দেখলাম যে তাদের দম ফুরিয়ে গেছে। এ জন্য তারা নীরব পদযাত্রা করবে।’

নিজ দলের প্রশংসা করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের সঙ্গে বিএনপিসহ অন্য রাজনৈতিক দলগুলোর পার্থক্য হচ্ছে, আওয়ামী লীগ সব সময় মাঠে থাকে। জনগণের সঙ্গে থাকে। আমরা জনগণের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।’

রাজশাহীর এ জনসভায় কোন বিষয়টি গুরুত্ব পাবে—জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘এটি নির্বাচনের বছর। এক বছরের কম সময়ের মধ্যে নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি হিসেবে বিভিন্ন জনসভায় ইতিমধ্যে ভোট চাইতে শুরু করেছেন। আমরাও দলের কর্মী হিসেবে মানুষের কাছে ভোট চাইছি। আমরা শুধু এখন ভোট চাইছি তা নয়, আমরা গত ১৪ বছর মানুষের সঙ্গে থেকেছি। মানুষের খোঁজখবর রেখেছি। মানুষের সুখে-দুঃখে-অভাব-অনটনে শুধু আওয়ামী লীগকেই পাওয়া গেছে। এই করোনা মহামারির সময় আওয়ামী লীগ নেতা-কর্মী ছাড়া অন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। যখন দেশে কোনো ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় হয়; তখন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়, অন্য কাউকে পাওয়া যায় না।’

জনসভায় লাখ লাখ মানুষ আসবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বলেন, রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভাকে উপলক্ষ করে রাজশাহী শহর, জেলা শহরে সাজসাজ রব তৈরি হয়েছে। জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে জননেত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য। রোববার লাখ লাখ মানুষের সমাবেশ হবে। যেভাবে মানুষের মধ্যে উচ্ছ্বাস-উদ্দীপনা দেখা যাচ্ছে, তাতে কোনোভাবেই এই মাঠে জায়গা হবে না। ১০-১২ গুণ মানুষ থাকবে মাঠের বাইরে। পুরো রাজশাহী শহরে জনসভা ছড়িয়ে যাবে।

প্রধানমন্ত্রী রোববার শুধু জনসভাই করবেন না, অনেক উন্নয়ন প্রকল্পেরও উদ্বোধন করবেন বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। তিনি আরও বলেন, গত ১৪ বছরে রাজশাহী শহর বদলে গেছে। যাঁরা ১৪ বছর আগে এই রাজশাহী এসেছেন, আবার এখন আসছেন, তাঁরা চিনতে পারছেন না এ শহরকে। পুরো রাজশাহী অঞ্চলটাই বদলে গেছে।

আওয়ামী লীগের এ জনসভায় ১৪ দলের শরিক দল অংশ নেবে কি না, এমন প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ হয়ে গেছে। এবার স্মার্ট বাংলাদেশ তরুণদের নিয়ে হয়ে যাবে। রাজশাহী মহানগর, রাজশাহী জেলাসহ পার্শ্ববর্তী জেলা মিলিয়ে পাঁচ-সাত লাখ মানুষ আসবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে। খুঁটিনাটি যা আছে, সেগুলোও শেষের দিকে।

মাঠ পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ ওরফে দারা প্রমুখ।