
সড়কের পাশের ঝোপ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। সকাল থেকে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎপত্তি খুঁজছিলেন। সেখানে পাওয়া যায় মুখ বাঁধা এক বস্তা। বিষয়টি পুলিশকে অবহিত করলে বস্তাটি উদ্ধার করে। এটি খুলে পাওয়া যায় এক ব্যক্তির লাশ। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর এলাকায় বস্তাবন্দী লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পাশে যাতায়াত করা লোকজন সকাল থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন। সকালের দিকে কয়েকজন দুর্গন্ধ পেলেও পাত্তা দেননি। পরে বেলা বাড়ার সঙ্গে বাড়তে থাকে দুর্গন্ধের তীব্রতা। পরে বিকেলের দিকে স্থানীয় লোকজন দুর্গন্ধের উৎপত্তি খুঁজতে গিয়ে সড়কের পাশে ঝোপে বস্তাটি দেখতে পান। সেখানে মাছির উপস্থিতি দেখে সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। নিরিবিলি হওয়ায় ওই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে বলে জানান স্থানীয় লোকজন।
বস্তার ভেতরে লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান তালুকদার বলেন, ধারণা করা হচ্ছে, খুন করার পর দুই থেকে তিন দিন আগে লাশটি ফেলে রাখা হয়েছে। নিহত ব্যক্তির নাম–পরিচয় কিংবা নারী-পুরুষ, সেটি শনাক্ত হয়নি। ডোম ডেকে লাশ উদ্ধারের কার্যক্রম চালানো হচ্ছে।