ছয় মাসের সাজা থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন পাঁচ বছর

গ্রেপ্তার বুলবুল আহম্মেদ
ছবি: সংগৃহীত

ছয় মাসের সাজা থেকে বাঁচতে পাঁচ বছর আত্মগোপনে ছিলেন নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামের বাসিন্দা বুলবুল আহম্মেদ (৪৩)। অবশেষে গতকাল বুধবার রাতে নাটোর শহরের চক বৈদ্যনাথ মহল্লার রেলস্টেশন–সংলগ্ন বস্তি থেকে তাঁকে গ্রেপ্তার করেছেন নাটোর র‌্যাব ক্যাম্পের সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর র‌্যাব ক্যাম্প থেকে আজ দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিংড়া থানার একটি মাদকের মামলার (জিআর ৯৮/২০১৭) আসামি বুলবুল আহম্মেদকে ২০১৭ সালে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। রায় ঘোষণার দিন আসামি পলাতক। পরে সাজা থেকে বাঁচতে তিনি আত্মগোপনে চলে যান। পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁকে হন্যে হয়ে খুঁজছিলেন। অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নাটোরের র‌্যাব সদস্যরা বুলবুলের অবস্থান শনাক্ত করেন। গতকাল মধ্যরাতে র‌্যাব নাটোর শহরের চক বৈদ্যনাথ মহল্লার রেলস্টেশন–সংলগ্ন বস্তি থেকে তাঁকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাটোর র‌্যাব ক্যাম্পের কমান্ডার বুলবুল আহম্মেদকে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুলবুলের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ রয়েছে বলে জানা যায়। পরে তাঁরা তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে নাটোর শহরে তাঁর অবস্থান নিশ্চিত হন। তিনি ছয় মাসের সাজা থেকে বাঁচতে পাঁচ বছর পালিয়ে ছিলেন।