ছররা গুলিতে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে
ছররা গুলিতে আহত একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছে। গতকাল রাতে চট্টগ্রামের ফটিকছড়িতে

বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালালেন ‘শীর্ষ সন্ত্রাসী’, আহত ৬

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের ছোড়া ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। একটি অটোরিকশায় করে এসে পাঁচজন ব্যক্তি গুলি ছোড়েন বলে অভিযোগ বাসিন্দাদের। এ ঘটনায় ওই অটোরিকশার চালককে আটক করে পুলিশে দিয়েছে ক্ষুব্ধ জনতা।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাতে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পশ্চিম সুয়াবিল শোভনছড়ির দিক থেকে মুখোশ পরা পাঁচজন অস্ত্রধারী চুঁরখারহাট বাজার মোড়ে আসেন। এরপর চারদিকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। গুলি ছোড়ার পর বাজারের উত্তরে চৌমুহনীর দিকে চলে যান তাঁরা। চৌমুহনী মোড়ে গিয়ে সেখানেও অটোরিকশা থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। এরপর তাঁরা হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে এগিয়ে যান। তাঁদের ছোড়া ছররা গুলিতে পথচারী, দোকানি, চালকসহ অন্তত ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন মো. জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁদের সবার বাড়ি সুয়াবিল ইউনিয়নে। আহত অবস্থায় তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অটোরিকশাচালক জাবেদ জানিয়েছেন, নাজিরহাট ঝংকার মোড় থেকে সুয়াবিল শোভনছড়ি যাওয়ার কথা বলে ওই পাঁচ অস্ত্রধারী অটোরিকশাটি ভাড়া করে। পরে তাঁকে জিম্মি করে অটোরিকশা নিয়ে চৌমুহনীর দিকে যেতে বলে। অস্ত্রধারী হওয়ায় তিনি ওই দুর্বৃত্তদের নির্দেশনা মেনে গাড়ি চালিয়েছেন

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ধাওয়া দিয়ে অটোরিকশাটির চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশে দেন। জাবেদ পার্শ্ববর্তী হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক জাবেদ জানিয়েছেন, নাজিরহাট ঝংকার মোড় থেকে সুয়াবিল শোভনছড়ি যাওয়ার কথা বলে ওই পাঁচ অস্ত্রধারী অটোরিকশাটি ভাড়া করেন। পরে তাঁকে জিম্মি করে অটোরিকশা নিয়ে চৌমুহনীর দিকে যেতে বলেন। অস্ত্রধারী হওয়ায় তিনি ওই দুর্বৃত্তদের নির্দেশনা মেনে গাড়ি চালিয়েছেন।

তবে পুলিশের ধারণা, অটোরিকশাচালকও ওই দুর্বৃত্তদের সহযোগী। গুলি ছোড়ার ঘটনায় মামলা করে তাঁকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশের কর্মকর্তারা।

স্থানীয় লোকজনকে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য দিতে অনুরোধ করা হয়। মানুষজনও সন্দেহবশত বিভিন্ন স্থানে নজর রাখতে শুরু করেন। তাই ধরা পড়ার ভয়ে গুলি ছুড়ে ভীতি প্রদর্শন করে রায়হান ও তাঁর সহযোগীরা এলাকাটি থেকে পালিয়েছেন।
মুহাম্মদ তারেক আজিজ, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি), হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেল।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে প্রথম আলোকে বলেন, বাজারে আতঙ্ক ছড়াতেই মুখোশধারী দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যাঁরা আহত হয়েছেন, তাঁরা অস্ত্রধারীদের টার্গেট ছিলেন না। কী উদ্দেশ্যে অস্ত্রধারীরা বাজার এলাকায় এসেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ওসি আরও বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অটোরিকশার চালককে মামলাটিতে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

অটোরিকশায় ছিলেন ‘সন্ত্রাসী’ রায়হান

পুলিশ জানায়, চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ফটিকছড়ির সুয়াবিল এলাকায় লুকিয়ে আছেন—এমন তথ্য ছিল তাঁদের কাছে। এই তথ্যের ভিত্তিতে গত রোববার রাতে এলাকাটিতে অভিযানও পরিচালনা করা হয়। এর সূত্র ধরে ভূজপুরের হাজিরখিলে রায়হানের একটি অস্ত্র তৈরির কারখানারও সন্ধান পায় পুলিশ। রায়হানকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল।

হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মুহাম্মদ তারেক আজিজ প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি, চুঁরখারহাট বাজারে গুলি ছোড়া অটোরিকশাটিতে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান ছিল। তাঁকে ধরতে গত রোববার রাতেও সুয়াবিল এলাকায় আমরা অভিযান চালিয়েছি। মানুষের দেওয়া তথ্যের ভিত্তিতে ভূজপুরের হাজিরখিলে রায়হানের একটি অস্ত্রের কারখানারও সন্ধান পেয়েছি। এরপর স্থানীয় মানুষকে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য দিতে অনুরোধ করা হয়। স্থানীয় লোকজনও সন্দেহবশত বিভিন্ন স্থানে নজর রাখতে শুরু করেন। তাই ধরা পড়ার ভয়ে গুলি ছুড়ে ভীতি প্রদর্শন করে রায়হান ও তাঁর সহযোগীরা এলাকাটি থেকে পালিয়েছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।’

গতকাল রাতে গুলি ছোড়ার ঘটনার পর এলাকাটিতে আবারও সাঁড়াশি অভিযান চালায় পুলিশ। অভিযানের এক পর্যায়ে রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশে হ্যান্ডমাইকে বক্তব্য দেন এএসপি তারেক আজিজ। এ সময় তিনি বলেন, ‘চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান এখানে (ফটিকছড়ির সুয়াবিলে) লুকিয়ে আছে। সবাই মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার ব্যবস্থা করেন। তাকে জীবন্ত পাইতে হবে। সবাই একটু খোঁজাখুঁজি করেন। ওকে পেলে পুরো চট্টগ্রাম ঠান্ডা হয়ে যাবে।’

রায়হান বিদেশে পলাতক চট্টগ্রামের আরেক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত। বড় সাজ্জাদের সন্ত্রাসী বাহিনীর হয়ে তিনি চট্টগ্রাম নগর ও এর আশপাশের বিভিন্ন উপজেলায় অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে পুলিশের অভিযোগ।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই রাতে রায়হানকে গ্রেপ্তার করতে নোয়াখালীতেও অভিযান চালানো হয়। তবে রায়হান পালিয়ে যেতে সক্ষম হন সেদিন। পরদিন ৩০ জুলাই এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছিলেন, ‘আমরা রায়হানকে প্রায় ধরেই ফেলেছিলাম। রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।’