
যশোরের অভয়নগর উপজেলায় অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার নওয়াপাড়া বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাহ উদ্দীন এ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যবসায়ীর নাম জাকির হোসেন। তিনি নওয়াপাড়া বাজারের হাইস্পিড ঘাট এলাকার দ্য মুন এন্টারপ্রাইজের মালিক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জাকির হোসেন তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে অবৈধভাবে সার মজুত করে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে জাকির হোসেনের গুদামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গুদামে মজুত করা ৩৭৫ বস্তা ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) এবং ২৮৬ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার পাওয়া যায়। এরপর ওই সার জব্দ করা হয়। পরে অবৈধভাবে সার মজুত ও বিক্রির দায়ে সার ব্যবস্থাপনা আইনে জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও গোলাম সামদানী বলেন, জাকির হোসেনের গুদামে অবৈধভাবে মজুত করা ৬৬১ বস্তা সার জব্দ করা হয়েছে। আজ বুধবার জব্দ করা সার নির্ধারিত খুচরা ব্যবসায়ীর মাধ্যমে এবং সরাসরি কৃষকদের কাছে ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে সরকারনির্ধারিত দামে বিক্রি করা হবে।