
পঞ্চগড়ে একটি কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের ভেতরে রাখা ২১২ বস্তা (প্রতি বস্তায় ৫৫ কেজি) তৈরি চা জব্দ করা হয়েছে। রাজস্ব ফাঁকি দিয়ে এসব তৈরি চা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় পাঠানোর চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করছেন প্রশাসনের কর্মকর্তারা।
গতকাল সোমবার রাতে জেলা শহরের মিঠাপুকুর এলাকায় সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের কার্যালয় থেকে এসব তৈরি চা জব্দ করা হয়। এ সময় এসব তৈরি চা পরিবহনের সঙ্গে জড়িত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। বস্তাগুলোর গায়ে শ্রীমঙ্গল, কুষ্টিয়া, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলার নাম লেখা ছিল।
টাস্কফোর্স অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুল হক। এ সময় বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ শামীম আল মামুন, পঞ্চগড় কাস্টমসের সুপারিনটেনডেন্ট আবু সরোয়ার, জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা ও পঞ্চগড় সদর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন চা প্রক্রিয়াকরণ কারখানায় উৎপাদিত তৈরি চা নিয়ম অনুযায়ী চট্টগ্রাম ও শ্রীমঙ্গল নিয়ে নিলামের মাধ্যমে বিক্রি করতে হয়। আর পঞ্চগড় থেকে চা নিয়ে যেতে কাস্টমসের অনুমতি লাগে। তবে বেশ কিছুদিন ধরে কিছুসংখ্যক অসাধু ব্যবসায়ী স্থানীয়ভাবে উৎপাদিত চা রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছিল বলে অভিযোগ ওঠে। সোমবার রাতে সদাগর এক্সপ্রেস লিমিটেড কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের মাধ্যমে বিপুল পরিমাণ চা বিভিন্ন জেলায় পাঠানো হবে বলে গোপনে সংবাদ পান প্রশাসন ও চা বোর্ডের কর্মকর্তারা।
পরে টাস্কফোর্স সেখানে অভিযান চালায়। এ সময় কুরিয়ার সার্ভিসের শাখা কার্যালয়ের ভেতরে রাখা ২১২টি চায়ের বস্তা পাওয়া যায়। এসব চায়ের বিপরীতে কোনো প্রকার বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। এমনকি অভিযানের সময় কোনো ব্যক্তি হাজির হয়ে এসব চায়ের মালিকানা দাবি করে কাগজপত্র দেখাননি। এসব চায়ের বৈধতা যাচাইয়ের জন্য পঞ্চগড় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে কুরিয়ার সার্ভিসের ভেতরেই চায়ের বস্তাগুলো জব্দ করে রাখা হয়।
ইউএনও মাসুদুল হক বলেন, এসব চা রাজস্ব ফাঁকি দিয়ে কুরিয়ারে পাঠানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে। তারপরও যদি কেউ বৈধ কাগজপত্র দেখাতে পারেন, তাহলে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। এ ছাড়া স্থানীয়ভাবে কোনো চা প্রক্রিয়াকরণ কারখানা তৈরি চা নিলামে বিক্রি না করে অন্যভাবে বিক্রি করেছে কি না, তা খতিয়ে দেখতে চা বোর্ডকে দায়িত্ব দেওয়া হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ যদি এসব চায়ের মালিক খুঁজে না পায়, তাহলে তারা নিয়ম অনুযায়ী এসব তৈরি চা নিলামে তুলতে পারবে।