কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তির শেষ নেই।

কুষ্টিয়া সদর উপজেলায় উজানগ্রাম এলাকায় এক কিলোমিটার ব্যবধানে সেতু দুটি নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে দুটি সেতুর নির্মাণকাজের মেয়াদ শেষ হয়ে গেছে। সেতুর কাজ শেষ করতে কত দিন লাগতে পারে, তা কেউ বলতে পারছেন না।
এদিকে সেতুর নির্মাণকাজ বন্ধ রেখেছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের ভোগান্তি শেষ হচ্ছে না।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের নভেম্বরে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কে বিত্তিপাড়া বাজার থেকে ঝাউদিয়া বাজার যেতে সদর উপজেলার উজানগ্রাম এলাকায় গঙ্গা কপোতাক্ষ সেচপ্রকল্পের (জিকে) খালের ওপর ২৫ মিটার দৈর্ঘ্যের সেতু তৈরির অনুমোদন দেয়। এতে ব্যয় ধরা হয়েছে ৯২ লাখ ৩৮ হাজার টাকা। একই বছরের ৩ নভেম্বর কার্যাদেশ পাওয়া সেতুর নির্মাণকাজ ২০২১ সালের ৪ নভেম্বর শেষ করার কথা। নির্ধারিত সময় শেষ হলেও কাজ হয়েছে ৩৫ শতাংশ।
এদিকে ওই সেতু থেকে মাত্র এক কিলোমিটার দূরে একই সড়কে কুমার নদীর ওপর ৮১ মিটার দৈর্ঘ্যের আরেকটি সেতু নির্মাণ করা হচ্ছে। এতে ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ২৫ লাখ টাকা। ২০২০ সালের ৩ নভেম্বর কার্যাদেশ পাওয়া সেতুটির কাজ চলতি বছরের ৮ মার্চ শেষ করার কথা ছিল। এ সময়ে অর্ধেক কাজ শেষ হয়েছে।
দুটি সেতু নির্মাণকাজের কার্যাদেশ পায় এমএনএম অ্যান্ড এসই (জেভি) নামের যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর পাবনার বেড়া উপজেলার কাশিনাথপুর এলাকার নুরুজ্জামান মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলার সঙ্গে ঝিনাইদহের হরিণাকুণ্ডু ও চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাকে সরাসরি যুক্ত করেছে এই সড়ক। প্রতিদিন হাজারো মানুষ বিত্তিপাড়া বাজার-ঝাউদিয়া বাজার সড়ক দিয়ে চলাচল করেন। সেতু দুটির নির্মাণকাজ শেষ না হওয়ায় তাঁরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সম্প্রতি গিয়ে দেখা যায়, উজানগ্রামে জিকে খালের মধ্যে দুটি পিলার তোলা অবস্থায় রয়েছে। তাতে রড বেরিয়ে আছে। সেতু নির্মাণের কোনো সাইনবোর্ড দেখা যায়নি। সেখানে ঠিকাদারের লোকজন বা কোনো শ্রমিক নেই। পাশেই একটি চায়ের দোকান। সেখানে উজানগ্রাম এলাকার ভ্যানচালক রাসেল হোসেন বলেন, সেতুর কাজ প্রায় ৬ মাস ধরে বন্ধ রয়েছে। কোনো শ্রমিক আসেন না।
ওই সেতু থেকে মাত্র এক কিলোমিটার দূরে কুমার নদী। সেখানেও নদীর মধ্যে কয়েকটি পিলার বসানো হয়েছে। কয়েক মাস ধরে এই সেতুর কাজও বন্ধ। তবে সেখানে নির্মাণকাজের মালামাল দেখাশোনার কাজ করেন দুজন শ্রমিক। তাঁরা নিজেদের পরিচয় দিতে ও কথা বলতে রাজি হননি।
স্থানীয় বাসিন্দারা বলছেন, এই সড়ক দিয়ে একসময় বাস চলতো। বর্তমানে সড়ক বেহাল। নদের ওপর পরিত্যক্ত স্টিল সেতু। ঝুঁকিপূর্ণ সাইনবোর্ড টাঙানো। এ জন্য বাস চলাচলও বন্ধ রয়েছে। ভারী যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে। সেতুর নির্মাণকাজ শেষ না হওয়ায় ভোগান্তি শেষ হচ্ছে না।
এ বিষয়ে ঠিকাদার নুরুজ্জামান মিয়া বলেন, ‘কাজের গতি ভালো ছিল। সময় বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে। ব্যাংকে একটু সমস্যা হওয়ায় আপাতত কাজ বন্ধ রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কাজ শুরু করব।’ কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহিদুর রহমান মণ্ডল বলেন, সেতুর কাজে ধীরগতি রয়েছে। হয়তো একটি সেতুর শ্রমিক অন্য সেতুর কাজে নিয়োজিত আছে। আর্থিক একটু সমস্যা রয়েছে। ঠিকাদার কাজের মেয়াদ বাড়ানোর চিঠি দিয়েছেন। বিষয়টি প্রক্রিয়াধীন।