
বৃষ্টিতে কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শহরের বিভিন্ন রাস্তাঘাটে পানি জমে যাওয়ায় ভোগান্তি পোহাচ্ছেন সাধারণ মানুষ। এদিকে বৃষ্টির কারণে শহরে প্রায় এক কিলোমিটার রেললাইন পানিতে তলিয়ে যায়। এতে আজ শুক্রবার সকাল থেকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল প্রায় পাঁচ ঘণ্টা। পরে বেলা তিনটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। কিশোরগঞ্জ রেলস্টেশনের মাস্টার মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার শোলাকিয়া কানিকাটা বিল এলাকায় প্রায় এক কিলোমিটার রেললাইন প্রায় ১৯ ইঞ্চি পানির নিচে তলিয়ে যায়। এতে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা ৩৭ আপ একটি মেইল ট্রেন কানিকাটায় আটকে যায়। অপর দিক থেকে ৩৭ ডাউন মেইল ট্রেনটি ময়মনসিংহের নান্দাইল স্টেশনে আটকে ছিল। দুপুরের পর থেকে পানি কিছুটা কমে যাওয়ায় বেলা তিনটা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
মো. রবিন নামে শোলাকিয়া এলাকার এক বাসিন্দা জানান, ‘১৯৮৮ সালের বন্যার সময় কানিকাটা রেললাইনে পানি উঠেছিল। এই ৩৫ বছরের মধ্যে আর পানি ওঠেনি। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টির কারণে রেললাইনসহ শোলাকিয়া, আলোরমেলাসহ কিশোরগঞ্জের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে আমার নিজের ঘরসহ অনেকের বাড়িঘরে পানি উঠে যাওয়ায় খাওয়াদাওয়াসহ চলাফেরায় অনেক কষ্ট হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষের বিষয়টি দেখা উচিত।’
আজ কিশোরগঞ্জ শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের আলোরমেলা, নগুয়া, কাচারিবাজার, বড়বাজার, পুরান থানা বাজার, বত্রিশ, হয়বতনগর, পুরোনো কোর্ট এলাকা, হারুয়া, গাইটাল, নিউটাউন, নীলগঞ্জ রোড, শোলাকিয়া এলাকা পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ পানিতে ডুবে আছে। প্রায় জায়গায় নালার পচা আবর্জনা রাস্তার ওপর জমে থাকা পানিতে মিশে আছে। অনেক জায়গায় আবার রাস্তার ওপর অনেকে মাছ ধরছেন।
শহরের বাসিন্দা কামরুল ইসলাম বলেন, জলাবদ্ধতার প্রধান কারণ অপরিকল্পিত বাড়ি নির্মাণ ও সঠিকভাবে পানিনিষ্কাশন ব্যবস্থার অনুপস্থিতি। যেসব নালা নির্মাণ করা হয়েছে, সেগুলোও মূল রাস্তা থেকে ওপরে। বৃষ্টি হলেই নালার পানি আবার রাস্তায় এসে পড়ে। আবার শহরে পর্যাপ্ত নালা ব্যবস্থা নেই। যে কয়টা নালা আছে, সেগুলোও ঠিকমতো পরিষ্কার করা হয় না। ফলে ঠিকমতো পানিনিষ্কাশন হয় না। সড়কের পাশে বাড়িঘর করায় নালাগুলো বন্ধ হয়ে গেছে। নালা ঠিক করা ছাড়া সড়কের জলাবদ্ধতা নিরসন করা সম্ভব নয়।
এ ব্যাপারে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, শহরের বিভিন্ন এলাকায় নালার সংস্কারকাজ অব্যাহত রয়েছে। যত দ্রুত সম্ভব সঠিকভাবে পানিনিষ্কাশনের ব্যবস্থা করে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে।