
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের বটতলী বাজারে প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে প্রতিপক্ষের দিকে গুলি ছোড়ার ঘটনায় সাখাওয়াত হোসেন ওরফে মুন্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় কিরিচ হাতে দাঁড়িয়ে থাকা আরাফাত হোসেন, মিজানুর রহমান ও আবু তাহের নামের আরও তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৫টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন আস্তানায় অভিযান চালিয়ে চার যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় বিজিবি ও এসআরবির সহযোগিতা নেয় পুলিশ। অভিযানে গোলাগুলির ঘটনায় ব্যবহৃত দুটি অস্ত্র, ৪১টি গুলি ও একটি বন্দুকের ব্যারেল উদ্ধার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে মাদক ব্যবসা ও বটতলী এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখে অস্ত্রধারীদের শনাক্ত করা হয়। এরপর গভীর রাতে অভিযান চালিয়ে অস্ত্র উঁচিয়ে দাঁড়িয়ে থাকা তালিকাভুক্ত মাদক কারবারি সাখাওয়াত হোসেন মুন্নাকে গ্রেপ্তার করা হয়। পরে ভিডিওতে কিরিচ হাতে দেখা যাওয়া মুন্নার তিন সহযোগী মিজানুর রহমান, আরাফাত হোসেন ও আবু তাহেরকেও গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত আরও কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারেও অভিযান চলছে।
পুলিশ জানায়, গতকালের গোলাগুলির ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে এবং দ্রুত বিচার আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার চারজনকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়। ওসি আতিকুর রহমান বলেন, চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। বেলা দেড়টা পর্যন্ত রিমান্ড আবেদনের শুনানি হয়নি। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন।
কেন এই গোলাগুলি
নাম প্রকাশ না করার শর্তে বটতলীর কয়েকজন ব্যবসায়ী জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, ইউপি সদস্য নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনের সঙ্গে পালংখালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবুল ফয়েজের বিরোধ রয়েছে। গতকাল বিকেলে সেই বিরোধের জেরে জয়নাল আবেদীনের ভাগনে মুন্না বটতলী বাজারে আবুল ফয়েজকে লক্ষ্য করে গুলি ছোড়েন। জয়নাল আবেদীন ও আবুল ফয়েজ দুজনই পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালের নভেম্বরে সাড়ে তিন লাখ ইয়াবাসহ তৎকালীন র্যাবের (বর্তমানে এসআরবি) অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন সাখাওয়াত হোসেন মুন্না। কারাগার থেকে বেরিয়ে আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে মাদক, মারামারিসহ কয়েকটি মামলা রয়েছে।
অভিযোগের বিষয়ে যুবদল নেতা আবুল ফয়েজ বলেন, এলাকায় তাঁর জনপ্রিয়তা অনেক। তিনি মাদকের বিরুদ্ধে সোচ্চার। আগামী ইউপি নির্বাচনে সদস্য পদে প্রার্থী হচ্ছেন দেখে প্রতিপক্ষ তাঁকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষ মুন্না বাহিনী দিয়ে তাঁকে হত্যার উদ্দেশ্যে হামলা ও গুলি করিয়েছে।
অভিযোগের বিষয়ে একাধিকবার যোগাযোগ করেও জয়নাল আবেদীনের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে গতকাল বিকেলে বটতলী বাজারে গোলাগুলির ঘটনার পর ফেসবুক লাইভে এসে জয়নাল আবেদীন দাবি করেন, ষড়যন্ত্রমূলকভাবে গোলাগুলির ঘটনায় তাঁর নাম জড়ানো হচ্ছে। গোলাগুলির সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না।
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বলেন, বাজারে প্রকাশ্য গোলাগুলির ঘটনায় অস্ত্রসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় যাঁরা জড়িত, তাঁদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা দিচ্ছেন তাঁরা। গোলাগুলির ঘটনায় অঙ্গসংগঠনগুলোর কেউ কেউ জড়িত বলে শোনা যাচ্ছে। তাঁদেরও ছাড় দেওয়া হবে না।