নদের চর থেকে নারীর লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

বাগেরহাটের রামপালে পশুর নদের চর থেকে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে রামপাল উপজেলার পশুর নদের রনজায়পুর এলাকা থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, নিহত ওই নারীর বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর হবে। তাঁর পরনে সোয়েটার ছিল।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দিন বলেন, স্থানীয় ব্যক্তিদের মাধ্যমে খবর পেয়ে আমরা ওই নারীর মরদেহ উদ্ধার করেছি। নিহত ওই নারীর বয়স হবে আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তবে তাঁর শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

রামপাল থানার ওসি মো. শামসুদ্দিন আরও বলেন, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপরও মৃত্যুর সঠিক কারণ জানতে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় জানতে পুলিশ কাজ শুরু করেছে।’