কালীগঞ্জে যুবকের সাত টুকরা লাশ উদ্ধারের ঘটনায় বন্ধু গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় এক যুবকের সাত টুকরা লাশ উদ্ধারের ঘটনায় তাঁর এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে তাঁকে মানিকগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। এদিকে আজ একটি বাড়ির রান্নাঘর থেকে ওই যুবকের শরীরের আরেকটি অংশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওই যুবকের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম সবুজ বার্নাড ঘোষাল (৩৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া এলাকার অমূল্য বার্নাড ঘোষালের ছেলে। তিনি পানজোড়া এলাকার পূর্বাচল অ্যাপারেলসে কোয়ালিটি সেকশনে কাজ করতেন। তাঁকে হত্যার অভিযোগে গ্রেপ্তার মো. শাহিনুরের (৩০) বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার বালিয়া এলাকায়।

গাজীপুর পিবিআইয়ের পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, গ্রেপ্তার শাহিনুর কালীগঞ্জের দক্ষিণ পানজোড়া এলাকায় পূর্বাচল অ্যাপারেলসের কাছে মানিক মেম্বারের বাড়িতে ভাড়া থাকেন। কিন্তু ঘটনার পর শাহিনুর পালিয়ে যান। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার দুপুরে মানিকগঞ্জ শহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে নিহত ব্যক্তির মুঠোফোন এবং তাঁর দেয়া তথ্যমতে কালীগঞ্জের দক্ষিণ পানজোড়ার এলাকার ভাড়া বাসার রান্নাঘর থেকে সবুজ বার্নাডের লাশের আরেকটি অংশ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া সেখান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বঁটি জব্দ করেছেন পিবিআইয়ের সদস্যরা। সবুজ বার্নাড ও শাহিনুর এলাকার দুই পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁরা পূর্বপরিচিত এবং তাঁদের মধ্যে বন্ধুত্বও ছিল।

নিহত ব্যক্তির মামা শ্যামল ঘোষাল জানান, সবুজ গত ২৮ সেপ্টেম্বর সকালে কারখানায় যান এবং বিকেল ৪টা ৬ মিনিটে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। তাঁর সন্ধান না পেয়ে বৃহস্পতিবার এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে শনিবার সকালে পূর্বাচল অ্যাপারেলসের দক্ষিণ পাশে একটি ডোবায় এক যুবকের লাশের কোমরের নিচের অংশ এবং এর অদূরে উত্তর দিকের একটি জঙ্গলে দুই হাত পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। তখন মাথাবিহীন ওই লাশ শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিবারের লোকজনের ধারণা ছিল, এটা সবুজের লাশ।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ছানোয়ার হোসেন জানান, পুলিশ মাথাসহ লাশের সাতটি খণ্ড উদ্ধার করার পর স্বজনেরা সবুজের লাশটি শনাক্ত করতে সক্ষম হয়। রোববার এ ঘটনায় সবুজের বাবা কালীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছেন।