শুকনো সময়ে না করে বৃষ্টির সময়ে এসব কাজ করায় সড়কে কাদা মেখে চলাচল করতে হয়। কাজ ধীরগতিতে করায় ভোগান্তি আরও বাড়ছে।

সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় শম্বুকগতিতে চলছে নর্দমার নির্মাণকাজ। মূল সড়কের পাশে রাখা হচ্ছে পুরোনো নর্দমার ভাঙা সামগ্রী। নির্মাণসামগ্রী রাখা হচ্ছে সড়কের পাশে যত্রতত্র। এ ছাড়া সড়কের পাশে নর্দমা থেকে তোলা মাটি স্তূপ আকারে রাখায় বৃষ্টিতে সেগুলো সড়কে গড়িয়ে পড়ে জল–কাদায় একাকার হয়ে যাচ্ছে সড়ক। ভোগান্তি পোহাচ্ছেন পথচারীরা।
এমনিতেই চলতি বছর দুই দফা বন্যায় সুরমা নদীর পানি উপচে নগরের অভ্যন্তরে প্রবেশ করে জলাবদ্ধতার তৈরি হয়েছিল। সে সময় সিটি করপোরেশন এলাকার সড়কগুলো ভাঙাচোরা অবস্থার সৃষ্টি হয়। তার ওপর নর্দমার নির্মাণকাজে এমন অব্যবস্থাপনায় আরও বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে সড়কে। সিটি করপোরেশন কর্তৃপক্ষকে দ্রুত মেরামতে হাত দেওয়ার আহ্বান জানিয়েছেন বাসিন্দারা।
সিলেট সিটি করপোরেশন বলছে, বৃষ্টির পানিপ্রবাহ ঠিক রাখা এবং জলাবদ্ধতা দূর করতে নগরের অভ্যন্তরের নর্দমাগুলো সংস্কার ও পুনর্নির্মাণ কাজ করা হচ্ছে। এর আওতায় প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকে সিটি করপোরেশন এলাকায় নর্দমার নির্মাণকাজ করা হচ্ছে। চলবে আগামী বছরের জুন পর্যন্ত। প্রায় ৯০ কিলোমিটার নর্দমার নির্মাণকাজ করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৫৫ কিলোমিটারের কাজ শেষ হয়েছে। বর্তমানে আরও ৩৫ কিলোমিটারের কাজ করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার ভোর থেকে টানা বৃষ্টির ফলে নগরের ভাঙাচোরা বিভিন্ন সড়কসহ নির্মাণাধীন নর্দমাগুলোতে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নগরের কালীঘাট, মহাজনপট্টি, ছড়ার পাড়, শিবগঞ্জ, কদমতলী এলাকায় নর্দমার সংস্কারকাজ চলায় এবং ভাঙাচোরা সড়কে পানি জমে জল-কাদায় একাকার অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকার বাসিন্দা ও পথচারীরা জল-কাদা মাড়িয়ে অনেক কষ্টে চলাচল করছেন।
এ ব্যাপারে বাংলাদেশ পরিবেশ আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম চৌধুরী প্রথম আলোকে বলেন, সারা বিশ্বেই নর্দমা নির্মাণ করা হয়। কিন্তু সিলেটের বাসিন্দাদের মতো এমন বিড়ম্বনায় ভুগতে হয় কম। এ ছাড়া দীর্ঘমেয়াদি প্রকল্পের ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোও ধীরগতিতে কাজ করছে। এটিও ভোগান্তির অন্যতম কারণ।
তিনি বলেন, ২০২০ সালের ডিসেম্বরের দিকে সিটি করপোরেশনের নির্মাণাধীন নর্দমায় পড়ে পেটে রড ঢুকে কবি আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যু হয়। সিটি করপোরেশন কর্তৃপক্ষের ধীরগতির কাজের জন্য এমন সমস্যা হচ্ছে। নির্মাণকাজের জন্য আলাদা আইন আছে। তবে সেগুলোর প্রয়োগ নেই। নির্মাণকাজ করা হলে জনসাধারণের যাতে ভোগান্তি ও প্রতিবন্ধকতা না হয়, সে ব্যবস্থা করতে হবে।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, সিটি করপোরেশন এলাকার নর্দমাগুলো দ্রুতগতিতে করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেওয়া হচ্ছে। এতে সাময়িক ভোগান্তি হলেও নির্মাণকাজ হয়ে গেলে নগরের বাসিন্দারা জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাবেন।
আজিজুর রহমান বলেন, নর্দমার কাজগুলো শেষ হওয়ার পর ভাঙাচোরা সড়কগুলো মেরামত করা হবে। সড়কের কাজ শুকনো সময়ে করা না হলে সেগুলো ফের নষ্ট হয়ে যাবে। এ জন্য সেগুলোতে এখনই হাত দেওয়া হচ্ছে না।