গাজীপুরের শ্রীপুরের চকপাড়া গ্রামে সানা নামের একটি কারখানায় নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে টাকা ও মালপত্র লুট করা হয়েছে। আজ শুক্রবার কারখানার সামনে
গাজীপুরের শ্রীপুরের চকপাড়া গ্রামে সানা নামের একটি কারখানায় নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে টাকা ও মালপত্র লুট করা হয়েছে। আজ শুক্রবার কারখানার সামনে

শ্রীপুরে কারখানার নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে টাকা ও মালপত্র লুট

গাজীপুরের শ্রীপুরে তৈরি পোশাকশিল্পের সরঞ্জাম তৈরির কারখানায় লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার রাত দুইটার দিকে উপজেলার চকপাড়া গ্রামের সানা অ্যাক্সেসরিজ কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানা–সংশ্লিষ্টরা জানান, গতকাল রাত দুইটার দিকে ছয়–সাতজনের একটি দল কারখানায় প্রবেশ করে। তারা কারখানার নিরাপত্তা কর্মীকে ধরে হাত-পা খাটের সঙ্গে বেঁধে রাখে। এ সময় কারখানার গুদামে রাখা মালামাল লুট করে তারা। এরপর ‍গুদামের পাশে কারখানার একটি কক্ষের তালা ভেঙে টাকা নিয়ে যায়।

কারখানার নিরাপত্তা কর্মী মো. মাসুদ বলেন, তিনি রাতে পাহারায় ছিলেন। রাত দুইটার দিকে হঠাৎ শব্দ পেয়ে একটি কক্ষের দিকে এগিয়ে যান। এ সময় অজ্ঞাত কয়েকজন তাঁর হাত-পা বেঁধে ফেলেন। একজন কাপড় দিয়ে মুখ ও চোখ বেঁধে ফেলেন।
কারখানার ব্যবস্থাপক মো. আসাদুল্লাহ প্রথম আলোকে বলেন, নিরাপত্তাকর্মীর হাত-পা বেঁধে মালামাল ও টাকা-পয়সা নিয়ে গেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ এসেছিল।

শ্রীপুর থানার অধীন মাওনা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই নাজমুল হক প্রথম আলোকে বলেন, ‘সেখানে গতকাল রাতে অজ্ঞাত কয়েকজন প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। এটি লুটপাট নয়, বরং চুরির ঘটনা মনে হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।’