লাশ
লাশ

খুলনায় গুলি ও ছুরিকাঘাতে তরুণকে হত্যা

খুলনা নগরে গুলি ও ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা করা হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের লবণচরা থানার আশিবিঘা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম মঞ্জুরুল ইসলাম (২২)। তিনি আশিবিঘা এলাকার মো. খোকনের ছেলে। তিনি বাবার সঙ্গে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আশিবিঘা এলাকার একটি ফাঁকা মাঠে নিয়মিত ফুটবল খেলা হয়। বুধবার বিকেলে সেই মাঠে ফুটবল খেলা নিয়ে মঞ্জুরুলের সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। খেলা শেষে মঞ্জুরুল তাঁর এক বন্ধুকে নিয়ে আশিবিঘা কালভার্টের পাশে বসে ছিলেন। এ সময় কয়েকজন সেখানে গেলে তাঁদের সঙ্গে মঞ্জুরুলের আবারও কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা মঞ্জুরুলকে গুলি ও ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ফুটবল খেলাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। তবে শুধু ফুটবল খেলাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে কি না, বিষয়টি আরও খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, আশিবিঘা এলাকায় ‘সাইফি গ্রুপ’ ও ‘রাজু গ্রুপ’ নামে দুটি সন্ত্রাসী গ্রুপের তৎপরতা ও বিরোধের তথ্য পুলিশের কাছে রয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কোনো গ্রুপের সম্পৃক্ততা আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানায়, ঘটনার সময় মঞ্জুরুলের সঙ্গে থাকা তাঁর এক বন্ধুকে পুলিশ খুঁজে পেয়েছে। তাঁর কাছ থেকে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। কারা হামলায় জড়িত ছিলেন, কী কারণে হামলার ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কোনো সন্ত্রাসী গ্রুপের সম্পৃক্ততা রয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।