
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের শস্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোজাম্মেল হোসেন (৭০)। তিনি উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের সিঙ্গিমারী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সন্ধ্যায় মোজাম্মেল উপজেলার দীঘিরহাটে বাজারে গিয়ে সংসারের জন্য দৈনন্দিন বাজার করেন। কেনাকাটা শেষে তিনি লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি মহাসড়কের শস্যগুদাম এলাকায় পৌঁছালে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাঁকে ধাক্কা দেয়। এতে মোজাম্মেল মহাসড়কের ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
হাতীবান্ধার বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাকিম বলেন, দুর্ঘটার খবর পেয়ে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা মোজাম্মেল হোসেন নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে ওই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন।