পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার পথরোধ করে ‘ঘুষের টাকা’ ফেরত চেয়ে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ করা নারী ও অজ্ঞাতনামা আরও ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের অফিস সহায়ক মনোয়ার হোসেন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় এ মামলা করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) আবু সাইম মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ইউএনওর পথরোধ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর তথ্য প্রকাশের মাধ্যমে তাঁকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছে।
অভিযুক্ত রেহেনা বেগম (৩৭) তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের মাগুরা এলাকার বাসিন্দা। তিনি টিকটক ও রিলস ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতেন।
এর আগে গত সোমবার দুপুরের পর তেঁতুলিয়া উপজেলা পরিষদ চত্বরে ইউএনও আফরোজ শাহীন খসরু হেঁটে যাওয়ার সময় তাঁর পথরোধ করেন রেহেনা বেগম। এ সময় তিনি ইংরেজিতে ‘Urmi Akter’ নামে নিজের ফেসবুক আইডি থেকে লাইভ শুরু করেন এবং ইউএনওর কাছে ‘ঘুষ হিসেবে’ দেওয়া ১ লাখ ৮০ হাজার টাকা ফেরত চান। ইউএনও তাঁকে চেনেন না বলে জানালে ওই নারী তাঁর সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং কান্নাজড়িত কণ্ঠে বারবার টাকা ফেরত দাবি করেন। পরে ৯ মিনিট ৩৬ সেকেন্ডের ওই লাইভ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
একই দিন সন্ধ্যা ৭টার দিকে ওই নারী পঞ্চগড়ের জেলা প্রশাসকের কাছে ইউএনওর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগে তিনি বলেন, তাঁর ছেলেকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার কথা বলে ইউএনও আফরোজ শাহীন খসরু তাঁর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, ওই টাকা ফেরত চাইলে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়।
এ ঘটনার পর মঙ্গলবার ইউএনওর পক্ষে তেঁতুলিয়ায় দুই দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে ‘বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের’ ব্যানারে এবং সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলা শহরের তেঁতুলতলায় ‘উপজেলার সর্বস্তরের জনগণ ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন হয়। মানববন্ধন থেকে ইউএনওর বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ওই নারীসহ ইন্ধনদাতাদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
এদিকে এসব ঘটনার পর রেহেনা বেগম অভিযোগ করেন হুমকি-ধমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ভয়ে বাড়ি ফিরতে পারছেন না।
আজ দুপুরে তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান প্রথম আলোকে মুঠোফোনে বলেন, ইউএনওর পথরোধ করে ফেসবুকে লাইভ করা ওই নারীসহ অজ্ঞাতনামা আরও ছয়জনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।