ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের সময়সীমা কমানোর উদ্যোগের প্রতিবাদে মানববন্ধন

সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেন। আজ বুধবার বেলা দেড়টায় বরিশাল সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে
ছবি: প্রথম আলো

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার উদ্যোগের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বরিশালের বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আজ বুধবার বেলা দেড়টায় সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি পালন করা হয়। চোখে কালো কাপড়, হাতে ও গলায় শিকল বেঁধে মানববন্ধনে তাঁরা অংশ নেন।

আন্দোলনকারী শিক্ষার্থী তৌফিক হোসেন বলেন, ‘১২ আগস্ট ঢাকা পলিটেকনিক শিক্ষক সম্মেলনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের সময়সীমা কমিয়ে তিন বছর করার উদ্যোগের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। আমরা শিক্ষামন্ত্রীর এমন মন্তব্যে উদ্বিগ্ন। অদূরদর্শী চিন্তার জায়গা থেকে ডিপ্লোমা কোর্সের সময়সীমা হ্রাসের কথা ভাবা হচ্ছে। এতে আমরা সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হব।’

শিক্ষার্থীরা বলেন, তাঁরা প্রকৌশলী হতে এসেছেন। টেকনিশিয়ান হতে আসেননি। দেশের উন্নয়ন ও মেগা প্রকল্পের জন্য বিদেশ থেকে প্রকৌশলী আনা হচ্ছে। এটা কেন হচ্ছে? কারণ, সরকার দেশের শিক্ষার্থীদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারেনি।

সমাবেশে বক্তব্য দেন মো. তৌফিকুর রহমান, গোলাম রাব্বি, নাদিম হোসেন, মো. ইমন, সাদ্দাম হোসেন, রায়হান হোসেন, রাকিবুল ইসলাম ও মিরাজ হোসেন। সমাবেশে বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, বেসরকারি আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, ডায়নামিক পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী গোলাম রাব্বি বলেন, ‘আমরা ১৫ দিন ধরে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ, সড়ক, মহাসড়ক অবরোধ অব্যাহত রেখেছি। আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।’

আরেক শিক্ষার্থী নাদিম ইসলাম বলেন, ‘অবিলম্বে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্য প্রত্যাহার করে ছাত্রদের ক্ষোভ নিরসন করবেন। শুধু আমরা না, সারা দেশের পলিটেকনিকের শিক্ষার্থীরা এই উদ্যোগের কথা শুনে ক্ষুব্ধ। আমরা শিক্ষামন্ত্রীর কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশা করি না।’