
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মেহেদী হাসান (১৮) নামের এক তরুণকে ১৪ বছর কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২–এর বিচারক মোহাম্মদ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মেহেদী হাসানের বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার বড়দহ গ্রামে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার একটি গ্রামের এক স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রায়ই উত্ত্যক্ত করতেন মেহেদী হাসান। ২০১৮ সালের ৪ এপ্রিল ওই স্কুলছাত্রী পলাশবাড়ী উপজেলায় তার এক স্বজনের বাড়িতে যায়। ওই বাড়ি থেকে ১০ এপ্রিল বিকেলে ফেরার পথে মেহেদী তাঁকে অপহরণ করেন। পরে মেয়েটিকে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করেন।
এ ঘটনায় ১৬ এপ্রিল মেয়েটির বাবা বাদী হয়ে পলাশবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মহিবুল হক বলেন, সাক্ষ্যপ্রমাণে আসামির দোষ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।